গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণে যুবদল নেতা রাসেল আহমেদের দোকানে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রাসেল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঢাকা দক্ষিণ শাখার সহ-সম্পাদক। গতকাল ঢাকা দক্ষিণ বাজারে রাসেলের নিজের ব্যবসা প্রতিষ্ঠানে এ হামলা চালানো হয়। রাসেল দক্ষিণ রায়গড় গ্রামের আঃ ছুবানের পুত্র। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল ০৭ জানুয়ারি ২০২২, শনিবার, দুপুর ০২:৩০ ঘটিকায় ঢাকা দক্ষিণ বাজারের জমজম ডিপার্টমেন্টাল ষ্টোর নামের রাসেলের ব্যবসা প্রতিষ্ঠানে কতিপয় দুষ্কৃতিকারী হামলা করে। তারা সেসময় দোকানে এসে হাজির হয়ে, নিজেদের সরকারি দলের লোক বলে পরিচয় দিয়ে রাসেলের কাছ থেকে দুই লক্ষ টাকা চাঁদা দাবী করে। টাকা দিতে অপারগতা জানালে তারা রাসেলের ওপর চড়াও হয়। তাকে টেনে হিঁচড়ে দোকান থেকে বের করে আনে এবং দোকানে ভাংচুর চালায়। এসময় বাজারের অন্যান্য ব্যবসায়ীরা এগিয়ে আসলে দুর্বৃত্তরা রাসেলের জীবন নাশের হুমকি দিয়ে চলে যায়। হামলায় দোকানের মালামালসহ প্রায় তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে রাসেল ও বাজারের ব্যবসায়ীরা জানান। পরে গোলাপগঞ্জ থানা থেকে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে ঢাকা দক্ষিণ যুবদলের সভাপতি নাঈমুল ইসলাম অভিযোগ করে বলেন, এটা সরকারদলীয় সন্ত্রাসীদের কাজ। তারা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই রাসেল ও তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও রাসেলকে ভিকটিম সাপের্ট দিচ্ছে না। এ বিষয়ে জানতে চাইলে, গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে আমরা খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেবো।