জকিগঞ্জে ছাত্রদল নেতার বাড়িতে হামলা ও ভাংচুর, আহত ১

ডেইলি সিলেট নিউজ
প্রকাশিত December 25, 2022
জকিগঞ্জে ছাত্রদল নেতার বাড়িতে হামলা ও ভাংচুর, আহত ১

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জে ছাত্রদল নেতা হামিদুর রহমানের বাড়িতে ছাত্রলীগ ক্যাডাররা ভাংচুর ও হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় আহত হয়েছেন হামিদুরের মা। রাজনৈতিক শত্রুতার জের ধরে ছাত্রলীগ ক্যাডাররা এ হামলা চালিয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে স্থানীয় ছাত্রলীগ ক্যাডাররা জকিগঞ্জ উপজেলার মহিদপুর গ্রামে হামিদুর রহমানের বাড়িতে গিয়ে তাকে খুঁজতে থাকে। তখন হামিদুরের মাতা তাদেরকে জানান, তার ছেলে প্রবাসে থাকেন। এতে ছাত্রলীগ ক্যাডাররা ক্ষিপ্ত হয়ে তাকে বেধড়ক মারধর করে। হামলায় গুরুতর আহত হন তিনি। এসময় ছাত্রলীগ ক্যাডাররা ঘরে ব্যাপক ভাংচুর চালায়। পরে স্থানীয় লোকজন আহত হামিদুরের মাতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তার মাথায় গুরুতর আঘাত রয়েছে এবং আঙ্গুল ভেঙ্গে গেছে বলে জানা গেছে। তবে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।
এ ব্যাপারে হামিদুরের মা জানান, তার ছেলে হামিদুর রহমান প্রবাসে থাকেন। দেশে থাকতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জকিগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন। ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলা-মামলা ও পুলিশের হয়রানী থেকে রক্ষা পেতে সে প্রবাসে চলে যায়। তবুও রেহাই নেই। হামিদুর রহমান প্রবাসে যাওয়ার কিছুদিন পর থেকেই ছাত্রলীগ ক্যাডাররা তাকে খঁুঁজতে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারবিরোধী অপপ্রচারের অভিযোগ এনে তারা হামিদুর রহমানকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করতে থাকে। ছাত্রলীগ সন্ত্রাসীরা আমার বাড়িতে এসে বারবার হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। হামিদুর রহমানকে দেশে ফিরিয়ে এনে তাদের হাতে তুলে না দিলে পরিবারের সবাইকে মেরে ফেলার ধামকি দিয়ে আসছে ছাত্রলীগ ক্যাডাররা। ঘটনাটি তিনি থানা পুলিশকে অবহিত করলেও কোন সহযোগিতা করছেনা তারা। তাই ছাত্রলীগ ক্যডাররা বেপরোয়া হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় ছাত্রলীগ ক্যাডাররা আমার বাড়িতে ভাংচুর, লুটপাট এবং আমাকে মারধর করেছে। নিজের জীবন নিয়ে ভাবছেননা তিনি। হামিদুর রহমানের জীবনের নিরাপত্তা নিয়ে তিনি শংকায় রয়েছেন। দেশে ফিরলে ছাত্রলীগ ক্যাডাররা তাকে ধরে নিয়ে অত্যাচার করবে নয়তো মিথ্যে অভিযোগে জেল জুলুমের শিকার হবে। যেখানে প্রাণ নাশের সমূহ সম্ভাবনা রয়েছে। তিনি আরও জানান- থানায় অভিযোগ করতে পুলিশ তা নিতে চায় না
তবে এ ব্যাপারে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তারা এ ব্যাপারে কিছুই জানে না। এ বিষয়ে কোন অভিযোগ পাননি তিনি। অভিযোগ পেলে দেখা যাবে।

সংবাদটি শেয়ার করুন