বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি ::
মৌলভীবাজারের বড়লেখায় লিবারাল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রচার সম্পাদক আয়নুল হকের ওপর হামলার অভিযোগ উঠেছে। গত ১ মে সন্ধ্যায় শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত দলীয় সভা শেষে বাড়ি ফেরার পথে আওয়ামী লীগের নেতাকর্মীরা তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
আয়নুল হক জানান, সভা শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা হলে পথে ৫ থেকে ৬ জন ব্যক্তি তার গতিরোধ করে। এ সময় তারা কেনো তিনি এখনো এলডিপি ছাড়েননি এবং কবে আওয়ামী লীগে যোগ দেবেন- এমন প্রশ্ন করে চাপ সৃষ্টি করে। তিনি কোনো উত্তর দেওয়ার আগেই হামলাকারীরা তার কলার চেপে ধরে এলোপাতাড়ি ঘুষি ও লাথি মারতে থাকে। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে পা দিয়ে মারধর করা হয়।
তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে গুরুতর আহত অবস্থায় জবলু হোসেন নামে এক ব্যক্তি তাকে উদ্ধার করে স্থানীয় তুহিন ফার্মেসিতে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ দেন।
আয়নুল হক আরও অভিযোগ করেন, ঘটনার পর থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। বরং তাকে হুমকি দিয়ে বলা হয়েছে, আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা নেওয়া যাবে না। এমনকি পুনরায় থানায় গেলে হত্যার হুমকিও দেওয়া হয় বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতির বক্তব্য জানতে একাধিকবার তাকে ফোন করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, বিষয়টি তার জানা নেই।