স্টাফ রিপোর্ট::
সিলেট নগরীর হোটেল শাবান সংলগ্ন এক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও নগদ আড়াই লাখ টাকা, কম্পিউটার, স্ট্যাম্প ও আসবাবপত্র লুটপাট করেছে সন্ত্রাসীরা।
গতকাল বুধবার (৭ আগস্ট) সন্ধ্যায় সিলেট নগরীর তালতলাস্থ শাবান হোটেল সংলগ্ন ক্যাফে নগর নামক ব্যবসা প্রতিষ্ঠানে এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।
ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার গৌছ মিয়া জানান, ক্যাফে নগরের স্বত্বাধিকারী আলম মিয়া দীর্ঘদিন থেকে দেশের বাইরে রয়েছেন। তিনি বর্তমানে ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। গত সোমবার (৫ আগস্ট) সরকার পতনের পর স্থানীয় রাজনৈতিক ক্যাডার ও আতাউর রহমান সানির আত্মীয় সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মাধব চৌধুরী তাদের ব্যবসা প্রতিষ্ঠানে এসে দুইলক্ষ টাকা দাবি করে। টাকা
না দিলে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিবে বলে হুমকি প্রদান করে। যার পরিপ্রেক্ষিতে দুই লক্ষ টাকা চাঁদা না দেওয়ার কারণে মাধবসহ মুখোশ পরা আরো ১৫/২০জন সন্ত্রাসী বিভিন্ন ধরনের অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় ১০ টি কম্পিউটার, ৪ স্টিল আলমারি, ৬ টি টেবিল, ১২ টি, চেয়ার, ৫০ হাজার টাকা মূল্যের ননজুডিশিয়াল স্ট্যাম্প ও নগদ আড়াই লক্ষ টাকা নেওয়া হয়েছে।
কোতোয়ালী থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন মামলা রেকর্ড হয়নি। দেশের বর্তমান পরিস্থিতি অনুযায়ী এ ব্যাপারে পরবর্তী উর্ধ্বতন কতৃপক্ষের সাথে আলাপ করে ব্যবস্থা নেওয়া হবে।