যুক্তরাজ্যপ্রবাসী ছেলেকে ত্যাজ্য ঘোষণা করলেন বাবা-মা

ডেইলি সিলেট নিউজ
প্রকাশিত July 20, 2026
যুক্তরাজ্যপ্রবাসী ছেলেকে ত্যাজ্য ঘোষণা করলেন বাবা-মা

ছবির মধ্যখানে যুক্তরাজ্য প্রবাসী ছেলে মোঃ শুয়েব আহমেদ। গতকাল নোটারী পাবলিকের মাধ্যমে পিতা-মাতা তাকে ত্যাজ্য ঘোষণা করেন।


ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

যুক্তরাজ্যপ্রবাসী ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়ে আদালতে পৃথক পৃথক হলফনামা দিয়েছেন এক দম্পতি। তারা পৃথকভাবে নোটারি পাবলিকের সামনে উপস্থিত হয়ে এ হলফনামা দেন।

হলফনামা সূত্রে জানা যায়, হলফনামাকারীরা হলেন সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা গ্রামের বাসিন্দা এস এম শরীয়ত উল্লাহ ও তার স্ত্রী সুজিয়া বেগম। তাদের ছেলে মো. শুয়েব আহমেদ বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছেন বলে হলফনামায় উল্লেখ করা হয়।

হলফনামায় তারা দাবি করেন, ছেলের বিভিন্ন প্রকাশ্য বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মকাণ্ডের কারণে তাদের পারিবারিক ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। গত ১০ জুলাইয়ের একটি ফেসবুক লাইভকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় বলেও তারা উল্লেখ করেন। এছাড়া ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা দায়েরের বিষয়টিও হলফনামায় উল্লেখ রয়েছে।

হলফনামায় আরও বলা হয়, ছেলেকে এসব কর্মকাণ্ড থেকে বিরত রাখতে একাধিকবার চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছেন। এ অবস্থায় পরিবারের মান-সম্মান ও সামাজিক নিরাপত্তার কথা বিবেচনা করে তারা ছেলেকে ত্যাজ্য ঘোষণা করছেন। ভবিষ্যতে তার ব্যক্তিগত, সামাজিক, আর্থিক, আইনগত ও অনলাইন কর্মকাণ্ডের কোনো দায়ভার তারা বা পরিবারের অন্য সদস্যরা বহন করবেন না বলেও হলফনামায় ঘোষণা দেন।

এ বিষয়ে মাননীয় নোটারী পাবলিক মোস্তফা শাহীন চৌধুরী বলেন, ছেলের ধর্মীয় অনুভূতিতে আঘাতও সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মকাণ্ডের কারণে তারা সমাজে চরমভাবে হেয় হয়েছেন এবং মুখ দেখাতে পারছেন না। বারবার নিষেধ করেও তাকে বিরত রাখতে না পেরে তারা নোটারি পাবলিকের মাধ্যমে পৃথক হলফনামা দিয়ে ত্যাজ্য ঘোষণা করেছেন।”

সংবাদটি শেয়ার করুন