নিজস্ব প্রতিনিধি, জুড়ি থেকে ::: রাজনৈতিক পূর্ব শত্রুতার জের ধরে মৌলভীবাজারের জুড়িতে ব্যবসায়ী ও সমাজকর্মী আব্দুল কাশেমের ব্যবসা প্রতিষ্ঠানে যুবলীগ নামধারী ক্যাডার আব্দুল কুদ্দুস টিটু ও তার সন্ত্রাসী বাহিনী হামলা, ভাঙচুরসহ লুটপাট করার খবর পাওয়া গেছে। ঘটনাটি সংঘটিত হয় গতকাল ১৬ মে ২০২৩ ইংরেজী বিকাল অনুমান ৫ ঘটিকায়।
প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন সূত্রে জানা গেছে, ব্যবসায়ী ও সমাজকর্মী আব্দুল কাশেম সরকার দলীয় নেতা-কর্মীদের বিভিন্ন ধরণের অনৈতিক কর্মকান্ডের বিরোধিতা করে আসছিলেন। সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সরকার দলীয় নেতা-কর্মীদের হরিলুট ও লুটপাটের বিরুদ্ধে তিনি ছিলেন সব সময় সোচ্চার। এতে সরকার দলীয় নেতা-কর্মীদের রোষাণলে পড়েন ব্যবসায়ী ও সমাজকর্মী আব্দুল কাশেম। সরকারের বিভিন্ন জনহিতকর কর্মকান্ডের পাশাপাশি অনেক অনৈতিক কর্মকান্ডের তীব্র বিরোধিতা করতেন সমাজকর্মী আব্দুল কাশেম। মানুষের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ, বাক-স্বাধীনতা হরণসহ ডিজিটাল নিরাপত্তা আইন এবং সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ ইংরেজী প্রণয়নের মাধ্যমে প্রশাসনকে ঢাল হিসাবে ব্যবহার করে বিরোধী দলগুলোর বাক স্বাধীনতা হরণ, মানুষের মত প্রকাশের স্বাধীনতা রুদ্ধ করা এবং বিরোধী মতাবলম্বীদের হয়রানিসহ দমন-নিপীড়নের প্রতিবাদে সোচ্চার ছিলেন মৌলভীবাজার জেলাধীন জুড়ি উপজেলার দহপাড়া গ্রামের আকমল আলীর পুত্র সমাজকর্মী আব্দুল কাশেম। শুধু তাই নয়, সরকারের পুলিশ বাহিনী, র্যা বসহ দলীয় নেতা-কর্মীদের প্রকাশ্যে চাঁদাবাজি, দখলদারিত্ব মানবাধিকারের চরম লঙ্ঘন এবং প্রশাসনের সর্বস্তরে ঘুষসহ দুর্নীতির প্রতিবাদে সোচ্চার ভূমিকা পালন করতেন সমাজকর্মী আব্দুল কাশেম। এতে সরকার দলীয় নেতা-কর্মীরা চরমভাবে অসন্তোষ হন সমাজকর্মী ও ব্যবসায়ী আব্দুল কাশেমের উপর। তারা বিভিন্ন সময় আব্দুল কাশেমকে নিবৃত্ত করতে ভয়-ভীতিসহ প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছিল। এরই ধারাবাহিকতায় জনৈক আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান আব্দুল খাইয়ূমের রোষাণলে পড়েন ব্যবসায়ী আব্দুল কাশেম।পূর্ব পরিকল্পনা অনুযায়ী আব্দুল কাশেমের ব্যবসা প্রতিষ্ঠান থেকে অনুমান ৮৫ হাজার টাকার কাঠের তৈরি বিভিন্ন সামগ্রী ক্রয় করে নেন আওয়ামী লীগ নেতা আব্দুল খাইয়ূম।ক্রয়কৃত মালামালের পাওনা বিলের টাকা চাইতে গেলে বিপত্তি ঘটে আব্দুল কাশেমের সাথে। পাওনা টাকা চাইতে গিয়ে আরও বিপর্যয়ে মুখে পতিত হন ব্যবসায়ী আব্দুল কাশেম। ক্ষুব্ধ হয়ে বিভিন্ন অজুহাতে ব্যবসায়ী আব্দুল কাশেমের নিকট আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান আব্দুল খাইয়ূম নানা অজুহাতে বিভিন্ন সময় বিভিন্ন অংকের চাঁদা ধার্য্য করে দেন তার নেতাকর্মীদের দিয়ে। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে নেমে আসে তার উপর দুর্ভোগ। ঘটনার তারিখে (১৬ মে ২০২৩ ইংরেজী) ১০/১২জনের একদল সশস্ত্র সরকার দলীয় ক্যাডার আব্দুল কাশেমের জুড়ি বাজারস্থ ফার্ণিচারের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে আকস্মিক হামলা-ভাঙচুরসহ লুটপাট চালায়। এতে তিনি বাঁধা প্রদান করলে সন্ত্রাসীরা তাকে হকিস্টিক, লাঠিসহ কাঠের তৈরি বিভিন্ন অস্ত্র দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। সন্ত্রাসী আক্রমণে আব্দুল কাশেমের শরীরের বিভিন্ন স্থানে লীলাফুলা জখম হয় এবং তার শরীরের পাঁজরের হাড়ও ভেঙে দেয়া হয়। পৈশাচিক এই হামলায় তিনি মারাত্মকভাবে আহত হয়ে আর্ত-চিৎকার করলে প্রতিবেশী ব্যবসায়ীরা এসে তাকে সন্ত্রাসীদের কবল থেকে উদ্ধার করে সিলেট শহরস্থ মডার্ণ জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তার অবস্থা খুবই শোচনীয় বলে জানা গেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়েরের খবর পাওয়া যায়নি।