সিলেটের জাফলংয়ে ‘পর্যটন হিল’ আবাসিক হোটেলে যুবতী খুন : থানায় হত্যা মামলা দায়ের

ডেইলি সিলেট নিউজ
প্রকাশিত June 8, 2025
সিলেটের জাফলংয়ে ‘পর্যটন হিল’ আবাসিক হোটেলে যুবতী খুন : থানায় হত্যা মামলা দায়ের

গোয়াইনঘাট প্রতিনিধি :::
সিলেটের পর্যটন এলাকা জাফলংয়ে ‘পর্যটন হিল’ নামক একটি আবাসিক হোটেলের ৩০৫ নং কক্ষ থেকে এক তরুণীর বিবস্ত্র গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় হত্যা মামলা দায়ের করেছেন নিহত সিলেট সরকারি মহিলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাফসিয়া জান্নাতের পিতা করিম হাওলাদার। গোয়াইনঘাট থানার মামলা নং-০৭, তারিখ ০৭/০৬/২০২৫ইং। মামলার আসামীরা হলেন, ১। আবু বকর (৩০), ম্যানেজার, পর্যটন হিল হোটেল, পিতা: মুনসী তেরা মিয়া, সাং- ডৌবাড়ী, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট, ২। আজমল (২৬), কর্মচারী, পর্যটন হিল হোটেল, পিতা: আরিফ মিয়া, সাং- বলেশ্বর, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট, ৩। ফয়জুল ইসলাম (২৬), পিতা- মৃত কুদ্ৰত উল্লাহ, সাং- নয়াগ্রাম দক্ষিণ, থানা- গোয়াইনঘাট, জেলা-সিলেট, ৪। ফখরুল ইসলাম (২৭), পিতা- মৃত আব্দুর নুর, সাং- হেমু দাউদপাড়া, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট, ৫। নিজাম (২৬), পিতা- আব্দুর ছাত্তার, সাং- হেমু দাউদপাড়া, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট, ৬। আলতাফ হোসেন বিল্লাল (৪০), পিতা- মৃত আনোয়ারুল হক, সাং- ভিত্রিখেল পূর্ব (৩নং চারিকাটা), থানা- গোয়াইনঘাট, জেলা-সিলেট। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তার কন্যা তাফসিয়া জান্নাত (২২) সিলেট সরকারি মহিলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। গত ০৬/০৬/২০২৫ইং সকাল প্রায় ১১.০০ ঘটিকার সময় সে কয়েকজন পরিচিত সহপাঠীর সঙ্গে সিলেটের পর্যটন এলাকা জাফলংয়ে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে আমাদের বাড়ি থেকে বের হয়। বিকেল ও সন্ধ্যার পর তার সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ সম্ভব হয়নি। বিষয়টি অস্বাভাবিক মনে হওয়ায় আমরা আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের মাধ্যমে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করি; কিন্তু তার কোনো সন্ধান পাইনি। পরদিন ০৭/০৬/২০২৫ইং তারিখ সকাল আনুমানিক ০৭.৩০ ঘটিকার সময় গোয়াইনঘাট থানার মাধ্যমে আমি সংবাদ পাই যে, পর্যটন এলাকা জাফলংয়ে ‘পর্যটন হিল’ নামক একটি আবাসিক হোটেলের ৩০৫ নং কক্ষ থেকে এক তরুণীর বিবস্ত্র গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন