ডেইলি সিলেট নিউজ ডেস্ক :::
সিলেটের ওসমানীনগরে এক প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।
সোমবার (৫ আগস্ট) বিকালে হামলার এই ঘটনাটি ঘটে। হামলায় ওই প্রবাসির পিতা ও ভাই আহত হয়েছেন।
প্রবাসীর নাম হাফিজ আব্দুল হক মওদুদ। তিনি ওসমানী নগরের মোবারকপুর গ্রামের মাওলানা আব্দুল মালিকের ছেলে। বর্তমানে কানাডা প্রবাসী।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার বিকালে বিএনপি নেতা আব্দুস ছমি, তার তিন ছেলে হেফাজতে ইসলামের নেতা মারুফ আহমদ ও মাহবুব আহমদ এবং আব্দুল বাসিত মবরুর নেতৃত্বে একদল সহিংস জনতা বাড়িটিতে হামলা চালিয়ে মূল্যবান জিনিসপত্র লুটপাট করে। এ সময় দেশে ফিরলে মওদুদকে প্রকাশ্যে হত্যার ঘোষণা করেন মবরুর।
খোঁজ নিয়ে জানা গেছে, মওদুদ মবরুরের চাচাত ভাই। এর আগে ২০২৩ সালে মওদুদের জালালপুর বাজারের মুদি দোকান এম/এস বিসমিল্লাহ স্টোর ও একটি মার্কেট দখল করেছেন মবরুর।
এ ব্যাপারে থানায় অভিযোগ করতে গেলে তারা আদালতে মামলা দায়েরের পরামর্শ দেয়। তিনি উকিলের সঙ্গে পরামর্শের জন্য গেলে বাড়ি ফেরার পথে হুমায়ুন রশিদ চত্বরে ওই বছরের ৬ এপ্রিল হামলার শিকার হন। মবরুরের অপর দুই ভাই সন্ত্রাসীদের নিয়ে তার উপর হামলা করেছিল। এরপর থেকে জীবন বাঁচাতে মওদুদ আত্মগোপনে থেকে বিদেশ চলে যান। তার বাড়ি ও সম্পদ দখল করতে নানান ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন তারই আপন চাচা বিএনপি নেতা আব্দুছ ছমি ও তার ছেলেরা। সোমবারের হামলা তারই অংশ বলে মনে করছেন স্থানীয়রা।
এ ব্যাপারে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সরকারি মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও তিনি তা রিসিভ করেন নি।
সিলেট জেলা পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার সম্রাট তালুকদারের নম্বরে কল দিলে তিনি বলেন, পরিস্থিতি খারাপ। থানায় কেউ নেই। কে কল ধরবে? পুলিশ এখন সবচেয়ে অসহায়।