প্রেমের সম্পর্কের জেরে ছাত্রলীগ নেতাকে গুমের চেষ্টা ও মারধর, পরিবারের কাছে সোপর্দ

ডেইলি সিলেট নিউজ
প্রকাশিত January 17, 2023
প্রেমের সম্পর্কের জেরে ছাত্রলীগ নেতাকে গুমের চেষ্টা ও মারধর, পরিবারের কাছে সোপর্দ

ডেইলি সিলেট নিউজ ডেস্ক ::: সিলেট নগরীতে প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে মদন মোহন কলেজ ছাত্রলীগের প্রচার সম্পাদক অমর শেখ জনিকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার পরিবার ক্ষোভ প্রকাশ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট উপশহর এলাকার বাসিন্দা ও সিলেট মহানগর বিএনপির সহ-সাধারণ সম্পাদক সিরাজ মিয়ার মেয়ে সুহেনা বেগমের সঙ্গে দেখা করতে যান অমর শেখ জনি। এ সময় বিষয়টি জানতে পেরে সিরাজ মিয়া ১৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে জনিকে আটক করেন বলে অভিযোগ রয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, আটকের পর তাকে মারধর করা হয় এবং একপর্যায়ে গুমের চেষ্টাও চালানো হয়।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা সিরাজ মিয়া। তিনি বলেন, “আমার মেয়েকে একটি বখাটে ছেলে উত্যক্ত করছিল। বিষয়টি দেখে এলাকার কিছু যুবক তাকে শাসন করেছে। পরে পুলিশের মাধ্যমে তাকে তার পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।”

অন্যদিকে, অমর শেখ জনির বাবা সফর আলী সাংবাদিকদের জানান, তার ছেলে ও সুহেনা একই কোচিং সেন্টারে পড়াশোনা করতেন এবং পূর্ব পরিচয়ের সূত্রে তাদের মধ্যে যোগাযোগ ছিল। তিনি অভিযোগ করে বলেন, “আমার ছেলে মেয়েটির সঙ্গে দেখা করতে গেলে পরিকল্পিতভাবে তাকে আটক করে মারধর করা হয়। পরে স্থানীয় লোকজন, পুলিশ এবং আমাকে খবর দিলে পুলিশের উপস্থিতিতে আমার ছেলেকে আমার কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে সে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছে।”

এ বিষয়ে সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনজুর আহমদ জানান, সুনামগঞ্জের ছাতক উপজেলার স্থায়ী বাসিন্দা ও বর্তমানে উপশহর এলাকার বাসিন্দা বিএনপি নেতা সিরাজ মিয়ার মেয়ের সঙ্গে অমর শেখ জনির পরিচয় ছিল। উভয়েই একই কোচিং সেন্টারে পড়াশোনা করতেন। প্রেমের সম্পর্কের সূত্র ধরে মেয়েটির সঙ্গে দেখা করতে এলে পরিবারের সদস্যদের ক্ষোভের মুখে তিনি কিছুটা আঘাতপ্রাপ্ত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরে তাকে পরিবারের অভিভাবকের জিম্মায় সোপর্দ করে।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন