অমিত ডিগার, বিয়ানীবাজার থেকে :
সিলেটের বিয়ানীবাজার উপজেলায় প্রেম করে পরিবারকে না জানিয়ে বিয়ে করাকে কেন্দ্র করে মামুন আহমেদ নামে এক যুবকের ওপর ধারাবাহিক হামলার অভিযোগ উঠেছে। সর্বশেষ ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর রাতে সংঘটিত হামলায় তিনি গুরুতর আহত হন।
গত ২২ সেপ্টেম্বর ভুক্তভোগী মামুন আহমেদ এই প্রতিবেদকের কাছে ঘটনার বিস্তারিত বর্ণনা দেন।
মামুন আহমেদ জানান, তিনি বিয়ানীবাজার উপজেলার কাশির গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় বৈরাগীবাজার আইডিয়াল ডিগ্রি কলেজে অধ্যয়নরত এবং পড়াশোনার পাশাপাশি একটি এজেন্ট ব্যাংকিং শাখায় খণ্ডকালীন কাজ করেন। স্কুলজীবনে পরিচয়ের সূত্র ধরে মাহফুজা আক্তার জুই নামের এক তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, যা পরবর্তীতে ২০২২ সালের ১৬ জুলাই বিয়েতে রূপ নেয়।
মামুনের অভিযোগ অনুযায়ী, জুইয়ের বাবা মাছুম আহমদ, যিনি স্থানীয়ভাবে প্রভাবশালী এবং রাজনৈতিকভাবে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত, এই সম্পর্ক মেনে নেননি। শুরু থেকেই তিনি তাদের সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য চাপ সৃষ্টি করেন এবং বিভিন্ন সময়ে হুমকি দেন।
তিনি আরও জানান, ২০২২ সালের ৫ জুন কর্মস্থলে যাওয়ার পথে তিনি ছাত্রলীগের কর্মীদের হামলার শিকার হন। ওই হামলায় আহত হয়ে তিনি প্রায় এক সপ্তাহ চিকিৎসাধীন ছিলেন।
পরবর্তীতে, মেয়েকে মামুনের কাছ থেকে আলাদা করতে ব্যর্থ হয়ে ২০২৩ সালের আগস্ট মাসে মাছুম আহমদ নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় মামুনকে গ্রেপ্তার করা হয়। তবে আদালতে জুই স্বেচ্ছায় বিয়ে করেছেন বলে সাক্ষ্য দিলে মামুন মুক্তি পান।
মামুন আহমেদ জানান, সর্বশেষ ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর রাতে জুইয়ের সঙ্গে গোপনে দেখা করতে গেলে তিনি আবারও হামলার শিকার হন। তার অভিযোগ, ওইদিন মাছুম আহমদ দলীয় লোকজন ডেকে এনে তাকে মারধর করেন এবং চুরির অপবাদ দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেন।
তিনি বলেন, ওই সময় জুই সবার সামনে মামুনকে তার স্বামী হিসেবে পরিচয় দেন এবং দেখা করতে আসার বিষয়টি নিশ্চিত করেন। পরে স্থানীয়দের চাপে পুলিশ কোনো ব্যবস্থা না নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় মামুন বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
ভুক্তভোগীর দাবি, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ তা গ্রহণ করতে অস্বীকৃতি জানায়, কারণ অভিযুক্তরা প্রভাবশালী রাজনৈতিক মহলের সঙ্গে যুক্ত।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মানবাধিকার পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ভুক্তভোগী মামুন আহমেদ তার নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার ওসি মো. এনামুল হক চৌধুরীর বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।