ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি ::
সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর (দশহাল) গ্রামের প্রবাসী যুবলীগ নেতা তারেক আহমেদ টুনুর পারিবারিক বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিএনপি-জামায়াত সমর্থিত একদল ব্যক্তি এ হামলা চালায় বলে পরিবার দাবি করেছে। এ ঘটনায় চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন টুনুর পরিবারের সদস্যরা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে ৩০ থেকে ৪০ জনের একটি সংঘবদ্ধ দল টুনুর বাড়িতে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে এবং ঘরের মালামাল তছনছ করে। এ সময় পরিবারের সদস্যদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। শুধু তাই নয়, হামলাকারীরা বাড়ি থেকে দুটি গরুও জোরপূর্বক নিয়ে যায়।
ভুক্তভোগী পরিবারের দাবি, হামলাকারীরা তারেককে উদ্দেশ্য করে দেশে ফিরে আসার আহবান জানিয়ে ফিরে এলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়। এতে করে পরিবারের সদস্যরা চরম ভীতির মধ্যে দিন কাটাচ্ছেন।
বর্তমানে যুক্তরাজ্যে অবস্থানরত তারেক আহমেদের রাজনৈতিক সম্পৃক্ততার জেরে বিএনপি-জামায়াতের লোকজন এ হামলা চালাতে পারে বলে স্থানীয়দের ধারণা।
এ বিষয়ে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।