সিলেটের দক্ষিণ সুরমায় সমকামীতার অভিযোগে বাড়িতে হামলা: ঘরবাড়ি ভাংচুর, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

ডেইলি সিলেট নিউজ
প্রকাশিত February 15, 2024
সিলেটের দক্ষিণ সুরমায় সমকামীতার অভিযোগে বাড়িতে হামলা: ঘরবাড়ি ভাংচুর, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

স্টাফ রিপোর্ট
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের জাফরাবাদ বহরকাটা গ্রামে সমকামীতার অভিযোগে একটি পরিবারের উপর হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দক্ষিণ সুরমার বহরকাটা গ্রামের মো: সিরাজ মিয়ার বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে হামলার শিকার হওয়া মো: সিরাজ মিয়ার সাথে আলাপ করে জানা যায় যে, স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে নিয়ে তাহার সংসার। ২০২৩ সালে তাহার বড় ছেলে মো: শিমুল ইসলাম কে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য স্টুডেন্ট ভিসায় যুক্তরাজ্যে প্রেরণ করেন, পরবর্তীতে ২০২৪ সালের জানুয়ারী মাসে তাহার পরিবার থেকে তাহার ছেলে মো: শিমুল ইসলামকে বাংলাদেশে এসে বিয়ে করার জন্য অনুরোধ করলে সে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। তখন তাকে পরিবার থেকে বিয়ের জন্য চাপ দিলে সে নিজেকে সমকামী হিসেবে স্বীকার করে এবং বিয়ে করতে অপারগতা প্রকাশ করে।

তখন উক্ত বিষয় নিয়ে মো: শিমুল ইসলামের সাথে তাহার পরিবারের সম্পর্কের অবনতি ঘটে। এদিকে মো: শিমুল ইসলাম সমকামীতায় জড়িয়ে পড়ার খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার লোকজনের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বিশেষ করে স্থানীয় আলেম সমাজ ও মাদরাসার শিক্ষার্থীরা সমকামীতায় অভিযুক্ত মো: শিমুল ইসলামের পরিবারকে বিভিন্ন ধরনের সামাজিক চাপ, ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিতে থাকে। এমনকি তাহারা শিমুল ইসলামকে ত্যাজ্যপুত্র ঘোষণা করার জন্য মো: সিরাজ মিয়া কে চাপ দিতে থাকে। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার দুপুর অনুমান একটার সময় স্থানীয় ফরিদপুর দারুল হিফজ্ দাখিল মাদ্রারাসার শিক্ষক মাওলানা আফজাল হোসেনের নেতৃত্বে ৪০/৫০ জন লোক মো: সিরাজ মিয়ার বাড়িতে অতর্কিত হামলা চালায়। তখন তারা মো: সিরাজ মিয়ার বসতগৃহে প্রবেশ করে ঘরের মূল্যবান আসবাবপত্র ভাংচুর করে। এতে ঘরের অনেক মূল্যবান আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। উক্ত হামলার ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। ঘটনার সময় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। এদিকে ঘটনার পর স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। পরিবারটির দাবি, হামলার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত হামলাকারীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ কারণে তারা প্রশাসনের নীরবতা নিয়ে হতাশা প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন