জালালপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার বাড়িতে পুলিশের অভিযান

ডেইলি সিলেট নিউজ
প্রকাশিত September 16, 2025
জালালপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার বাড়িতে পুলিশের অভিযান

ডেস্ক রিপোর্ট
নিষিদ্ধ ঘোষিত সংগটন বাংলাদেশ ছাত্রলীগ দক্ষিণ সুরমা উপজেলা শাখার সহ সভাপতি মো. আমিনুল হকের বাড়িতে অভিযান চালিয়েছে মোগলাবাজার থানা পুলিশ। এসময় আমিনুলকে না পেয়ে তার পরিবারের লোকজনের সাথে খারাপ আচরণের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। গতকাল সোমবার রাত সাড়ে এগারটার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, মোগলাবাজার থানার জালালপুর ইউনিয়নের সমসপুর গ্রামের রফিক আহমদের পুত্র যুক্তরাজ্য প্রবাসী উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মো. আমিনুল হকের সন্ধানে তাদের বাড়িতে যায় মোগলাবাজার থানার একদল পুলিশ।
তবে আমিনুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করতে অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে আমিনুলের মা সুফিয়া বেগম অভিযোগ করে বলেন সোমবার রাত সাড়ে ১১ টার দিকে একদল পুলিশ আমাদের বাড়িতে এসে আমিনুলকে খুজতে থাকে এবং দরজা খুলে দিতে বলে।
পরক্ষণে আমি দরজা খুলে দিলে পুলিশ ঘরে প্রবেশ করে আমিনুল কোথায় জানতে চায়। উত্তরে আমি বলি, আমিনুল বাংলাদেশে নেই। সে এখন লন্ডনে থাকে। এরপর আমি জিজ্ঞেস করি কেন আমার ছেলেকে খুঁজছেন তারা। তখন পুলিশ জানায় আমিনুলের নামে মামলা রয়েছে এবং আরো মামলা হবে। এছাড়া কোর্ট থেকে ওয়ারেন্ট জারি হয়েছে তার বিরুদ্দে। সুফিয়া বেগম আরো অভিযোগ করে বলেন, পুলিশ আমিনুলকে না পেয়ে তাদের সাথে খারাপ আচরণ করে এবং ভয়ভীতি দেখায়। এতে চরম নিরাপত্তাহীনতায় ভোগছে তাদের পরিবার।
এ ব্যাপারে জানতে চাইলে মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, আমিনুল হক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা এবং তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী হয়েছে। তাই পুলিশ তাকে গ্রেফতার করতে গিয়েছিল। পরিবারের লোকজনের সাথে খারাপ আচরণের অভিযোগ সত্য নয় বলে দাবি করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন