স্টাফ রিপোর্ট
আওয়ামী সরকারের সাবেক শিক্ষামন্ত্রী সিলেট-৬ আসনের সদ্যসাবেক এমপি নুরুল ইসলাম নাহিদ এখন হত্যা মামলার প্রধান আসামি।
ছাত্র-গণআন্দোলনের সময় সিলেটের গোলাপগঞ্জ পৌর এলাকায় নিহত হন থানার উত্তর ঘোষগাঁওয়ের গৌছ উদ্দিন। এ ঘটনায় নিহতের ভাতিজা রেজাউল করিম (২৪) সিলেটের গোলাপগঞ্জ থানায় হত্যা মামলাটি দায়ের করেন। মামলার বাদী রেজাউল করিম ওই গ্রামের সেলিম উদ্দিনের পুত্র।
মামলায় আসামী করা হয় সাবেক শিক্ষামন্ত্রী সিলেট-৬ আসনের সদ্যসাবেক এমপি নুরুল ইসলাম নাহিদ ও গোলাপগঞ্জ পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, গোলাপগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর রুহিন আহমদ খান, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মান্না আহমদ, যুবলীগ নেতা লাভলু, মনিরুল হক পিনু, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তাজুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক আহবাব হোসাইন রাহিম, পৌর ছাত্রলীগ সভাপতি আব্দুস শহিদ শাওন, সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দিপন, যুবলীগ নেতা হাম্মাদ আহমদ, বাহার, মাহবুব, উপজেলা আওয়ামীলীগের সহ-সাধারণ সম্পাদক আর্জমন্দ আলী, যুবলীগ নেতা অপু খান (বদই), গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাব্বি, সাধারণ সম্পাদক তানিম আহমদ সানি, সহসভাপতি সুহেল আহমদ গং সহ ১৩৪ জনকে আসামী ও অজ্ঞাতনামা আরও ২০০-২৫০ জনকে আসামি করে দন্ডবিধির ১৪৭/ ১৪৮/ ৩২৩/ ৩২৪/ ৩২৫/ ৩২৬/ ৩০৭/ ৩০২/ ৩৪ ধারায় গোলাপগঞ্জ থানার মামলা নং-০৮/১৩৬, তারিখ ২৩/০৮/২০২৪ দায়ের করা হয়েছে।
মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের এএসপি (মিডিয়া) সম্রাট তালুকদার।
মামলায় বাদী অভিযোগ করেন- প্রধান আসামী নুরুল ইসলাম নাহিদসহ কতিপয় আসামির নির্দেশে অপরাপর আসামীরা ৪ আগস্ট গোলাপগঞ্জ পৌরসদরে ছাত্র-জনতার আন্দোলনের মিছিল-সমাবেশে হামলা করে অনেককে গুরুতর আহত করেন। এর মধ্যে পৌর এলাকার উত্তর ঘোষগাঁওয়ের মৃত মোবারক আলীর ছেলে গৌছ উদ্দিনও ছিলেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে তার মৃত্যু ঘটে।