জকিগঞ্জ প্রতিনিধি:
রাজনৈতিক পূর্ব বিরোধের জেরে জকিগঞ্জ পৌর আওয়ামীলীগ নেতা তাজ উদ্দিনের বাড়ীতে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ১৫ সেপ্টেম্বর সকাল আনুমানিক সকাল ১১ ঘটিকায় তাজ উদ্দিনের বসত বাড়ির উঠানে এ হামলার ঘটনা ঘটে। তাজ উদ্দিনের ভাই মোঃ আকরাম উদ্দিন অভিযোগ করেছেন, স্থানীয় বিএনপি ও জামায়াতের কয়েকজন নেতাকর্মী বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাজ উদ্দিনের পিতা ও চাচাকে বেধড়ক মারধর করে গুরুতর জখম করেন। অভিযুক্তরা তাজ উদ্দিনের অবস্থান সম্পর্কে জানার জন্য তার বাড়ীতে আসেন এবং পাঁচ লক্ষ টাকা চাঁদা দেওয়ার জন্য প্রথমে হুমকি ধামকি প্রদান করিলে তাজ উদ্দিনের পিত চাঁদা দাবী প্রত্যাখ্যান করায় তাজ উদ্দিনের পিতাকে মারধর করেন বলে জানান তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় সুরমান, দেলোয়ার হোসেন ও আনোয়ার মিয়া সহ কয়েকজন সন্ত্রাসী তাজ উদ্দিনের বাড়ীতে এসে চাঁদা দাবি করে। এসময় তাজ উদ্দিনের পিতা চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে সন্ত্রাসীরা তাদের উপর অতর্কিত আক্রমণ চালায়। হামলায় আহত হন তাজ উদ্দিনের পিতা ও চাচা। ঘটনার পরে আশপাশের লোকজন এসে আহতদের উদ্ধার করে স্থানীয় জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মোঃ আকরাম উদ্দিন বলেন, হামলাকারীরা হুমকি দিয়ে গেছে- তারা চাঁদা না পেলে তাজ উদ্দিনের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেবে এবং বিদেশে থাকা তাজ উদ্দিনকে দেশে ফেরালে হত্যার চেষ্টা করবে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, হামলাকারীরা অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ ভাবে আচরণ করে চলে গেলে আশপাশের লোকজন জড়ো হয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরন করেন। তাজউদ্দিনের পিতার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।