আখালিয়ায় নুর বাহিনীর সন্ত্রাসের রাজত্ব : দখলবাজি ও চাঁদাবাজিতে অতিষ্ঠ সাধারণ মানুষ

ডেইলি সিলেট নিউজ
প্রকাশিত April 18, 2025
আখালিয়ায় নুর বাহিনীর সন্ত্রাসের রাজত্ব : দখলবাজি ও চাঁদাবাজিতে অতিষ্ঠ সাধারণ মানুষ

ভুক্তভোগীর পিতাকে মারধর, প্রশাসনের নীরবতায় প্রভাবশালী নুর মিয়ার দৌরাত্ম্য


ডেস্ক :::::: সিলেট নগরীর আখালিয়ায় নুর বাহিনী দিন দিন ভয়ংকর রূপ নিচ্ছে। ভূমি দখল, উচ্ছেদ ও চাঁদাবাজির পাশাপাশি এখন সাধারণ মানুষের ওপর হামলার ঘটনাও ঘটছে। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি মোঃ নুর মিয়া, মৃত ওয়াহিদ উল্লাহর পুত্র, সাংঃ ব্লক-ডি ৬২, নেহারিপাড়া, আখালিয়া, সিলেট— তার বাহিনী দিয়ে এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে।

সংবাদ সম্মেলনে অভিযোগঃ-

অদ্য ১৮ এপ্রিল ২০২৫ ইং তারিখে সিলেট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রোমান আহমদ, পিতা কবির আহমদ, সাংঃ ব্লক-বি ১১২, নেহারিপাড়া, আখালিয়া, সিলেট অভিযোগ করে বলেন—
“আমরা নুর বাহিনীর হাত থেকে বাঁচতে চাই, জীবনের নিরাপত্তা চাই। নুর মিয়া একজন ভূমিখেকো।”

তিনি জানান, তার পিতা যখন নুর মিয়ার দখলবাজি ও অত্যাচারের প্রতিবাদ করেন, তখন নুর বাহিনীর গুন্ডারা প্রকাশ্যে তাকে অমানুষিকভাবে মারধর করে আহত করে। এতে তাদের পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে পড়েছে।

ঠিকাদার থেকে প্রভাবশালীঃ-

অভিযোগ রয়েছে, কয়েক বছর আগেও নুর মিয়া ছিলেন একজন সাধারণ ঠিকাদার । কিন্তু অল্প কয়েক বছরের মধ্যে কালোটাকার জোরে তিনি হয়ে উঠেছেন প্রভাবশালী দখলবাজ। স্থানীয়দের ভাষায়—
“একজন সাধারণ ঠিকাদার থেকে আজ তিনি কোটি টাকার মালিক। কালো টাকা ও দখলবাজির টাকায় তার আঙুল ফুলে কলাগাছ হয়েছে।”

নিয়মিত চাঁদাবাজিঃ-

এলাকাবাসীর দাবি, আখালিয়ায় কেউ নতুন জায়গা কিনতে চাইলে কিংবা নতুন বাড়ি নির্মাণ শুরু করলে নুর বাহিনীকে বাধ্য হয়ে চাঁদা দিতে হয়। নুর মিয়া তার ভাই, ভাতিজা ও ঘনিষ্ঠ লোকজনকে এই কাজে ব্যবহার করেন। ভয় ও আতঙ্কে সাধারণ মানুষ প্রতিবাদ করতে সাহস পান না।

প্রশাসনের নীরব ভূমিকাঃ-

অভিযোগ ওঠার পরও প্রশাসনের নীরবতা স্থানীয়দের আরও ক্ষুব্ধ করছে। তারা মনে করছেন, প্রভাবশালীদের ছত্রছায়ায় থেকে নুর মিয়া ও তার বাহিনী আইনের ঊর্ধ্বে অবস্থান করছে। এলাকাবাসীর শঙ্কা, যদি দ্রুত ব্যবস্থা নেওয়া না হয় তবে বড় ধরনের সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটতে পারে।

ভুক্তভোগীদের জোর দাবিঃ-

রোমান আহমদ ও তার পরিবার সংবাদ সম্মেলনে আর্তি জানিয়ে বলেন—
“আমরা শান্তিতে বাঁচতে চাই। আমাদের পিতা নুর বাহিনীর হামলায় আহত হয়েছেন। প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি— নুর বাহিনীকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।”

সংবাদটি শেয়ার করুন