দক্ষিণ সুরমায় স্বেচ্ছাসেবকলীগ নেতার বাড়িতে হামলা ভাংচুর

ডেইলি সিলেট নিউজ
প্রকাশিত August 16, 2025
দক্ষিণ সুরমায় স্বেচ্ছাসেবকলীগ নেতার বাড়িতে হামলা ভাংচুর

দক্ষিণ সুরমায় স্বেচ্ছাসেবকলীগ নেতার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে, ১৩ আগষ্ট বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ৩০নং ওয়ার্ডের চান্দাই জৈনপুরস্থ আবু শাহেদের বাড়িতে এ হামলা চালানো হয়। এ সময় সন্ত্রাসীরা বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে হামলা, ভাঙচুর ও লুটপাট করে।
এলাকাবাসী জানান, বুধবার সন্ধ্যা ৭টার দিকে অন্তত ২০/২৫ জন সন্ত্রাসী লাঠিসোটা নিয়ে গেট ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে। হামলাকারীরা ঘরে ঢুকে প্রতিটি কক্ষ ভাঙচুর করে। ঘরের ভেতরে থাকা টিভি, ফ্রিজ ভেঙ্গে ফেলা হয়। এসময় সন্ত্রাসীরা স্বেচ্ছাসেবকলীগ নেতার বাড়িতে থাকা বাবা-মা, ভাই ও চাচাতো ভাইসহ পরিবারের সদস্যদের বেধড়ক মারধর করে। এতে গুরুতর আহত হয়েছেন তারা। এ ছাড়া আলমারিতে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় হামলাকারীরা।

এ বিষয়ে আবু শাহেদ এর পরিবার থেকে অভিযোগ করা হয়, সন্ত্রাসীরা বাড়িতে ঢুকে আবু শাহেদকে না পেয়ে পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। সন্ত্রাসীরা ধামকি দিয়ে বলে, আবু শাহেদকে তাদের হাতে তুলে না দিলে বাড়ির সবাইকে প্রাণে হত্যা করবে, আগুন লাগিয়ে দিবে। তখন শাহেদ বাড়িতে নেই জানালে সন্ত্রাসীরা লাটিসোটা দিয়ে আবু শাহেদ এর মা-ভাই, চাচাতো ভাই ও পরিবারের অন্যান্য সদস্যদের মারধর করে এবং লুটপাট চালায়। এতে অন্তত ৫ লাখ টাকার সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। তাৎক্ষণিক সন্ত্রাসীরা আবু শাহেদকে বাসায় পেলে প্রাণে হত্যা করতো। এমন পরিকল্পনা নিয়েই সন্ত্রাসীরা বাড়িতে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তারা।
সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত আবু শাহেদ এর বাবা : মজমিল মিয়া, মা মোছা: শিল্পী বেগম, ভাই ও চাচাতো ভাইকে হাসপতালে ভর্তি করা হয়েছে। এমন ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলায় আবু শাহেদ এর বাড়ির লোকজনের মধ্যে আতংক বিরাজ করছে।
ঘটনা জানার পরপরই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে বলে মন্তব্য করেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি বলেন, ৩০নং ওয়ার্ডের চান্দাই জৈনপুর গ্রামে একটি বাড়িতে ভাঙচুরের খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার একটি টিম সেখানে গেছে। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। কে বা কারা এই হামলা চালিয়েছে এ বিষয়ে তারা কিছুই জানেন না। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। -বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন