নিজস্ব প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ১ নং কলকলি ইউনিয়নে এক হৃদয়বিদারক হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, মদনমোহন কলেজ ছাত্রদলের সংগঠনিক নেতা মোক্তার আহম্মদ মোক্তার তার ভাই সুহিন আহমদ দুদুর সহায়তায় ১ নং কলকলি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সিপন আহমেদের বাক-প্রতিবন্ধী ভাই মোহাম্মদ ফরিদ মিয়াকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালান।
ঘটনাটি ঘটে ২১ জুন ২০২৫ ইং তারিখ, শনিবার রাত আনুমানিক ৯ ঘটিকায়। স্থানীয় সূত্রে জানা যায়, সিপন আহমেদ বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তার অনুপস্থিতিকে সুযোগ হিসেবে নিয়ে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়। রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে ফরিদ মিয়াকে মারধর করে হামলাকারীরা। তার পরিবারের চিৎকারে আশপাশের আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা ছুটে এলে তাদেরও মারধর করা হয় এবং বাড়ির মহিলাদের ওপর শারীরিকভাবে নির্যাতন চালানো হয়। উক্ত হামলায় রাহেল বেগম, রুমি বেগম, বজলু মিয়া, জাহিদ মিয়া, রুবেল মিয়া, গিলবাল ইসলাম, তাজুল ইসলাম, জিসান মিয়া, আলিনুর, মাসুম আহমদ, রুকন মিয়া আহত হয়েছে। আহতদের মধ্যে ২ জনকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভুক্তভোগী পরিবার আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।