শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার শাল্লায় যুবদল নেতা নাজমুল হুদার বাড়িতে সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। নাজমুল হুদা শাল্লা উপজেলা যুবদলের সাবেক সভাপতি। গতকাল সন্ধ্যা ৭টার দিকে উপজেলার টুকচানপুর গ্রামে নাজমুল হুদার বাড়িতে এ হামলা চালানো হয়। এ সময় সন্ত্রাসীরা বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে হামলা, ভাঙচুর ও লুটপাট করে।
এলাকাবাসী জানান, গতকাল সন্ধ্যা ৭টার দিকে অন্তত ১০/১৫ জন সন্ত্রাসী লাঠিসোটা নিয়ে গেট ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে। হামলাকারীরা ঘরে ঢুকে প্রতিটি কক্ষ ভাঙচুর করে। ঘরের ভেতরে থাকা টিভি, ফ্রিজ ভেঙ্গে ফেলা হয়। এসময় সন্ত্রাসীরা যুবদল নেতার মা, চাচাতো ভাইসহ পরিবারের সদস্যদের বেধড়ক মারধর করে। এতে গুরুতর আহত হয়েছেন তারা। এ ছাড়া আলমারিতে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় তারা।
এ বিষয়ে নাজমুল হুদার পরিবার থেকে অভিযোগ করা হয়, সন্ত্রাসীরা বাড়িতে ঢুকে নাজমুল হুদাকে না পেয়ে পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। সন্ত্রাসীরা ধামকি দিয়ে বলে, নাজমুল হুদাকে তাদের হাতে তুলে না দিলে বাড়ির সবাইকে প্রাণে হত্যা করবে, আগুন লাগিয়ে দিবে। তখন নাজমুল বাড়িতে নেই জানালে সন্ত্রাসীরা লাটিসোটা দিয়ে নাজমুল হুদার মা, চাচাতো ভাই ও পরিবারের অন্যান্য সদস্যদের মারধর করে এবং লুটপাট চালায়। এতে অন্তত ৫ লাখ টাকার সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। তাৎক্ষণিক সন্ত্রাসীরা নাজমুল হুদাকে বাসায় পেলে প্রাণে হত্যা করতো। এমন পরিকল্পনা নিয়েই সন্ত্রাসীরা বাড়িতে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তারা।
সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত নাজমুল হুদার মা মোছা: নাজমা জামান ও চাচাতো ভাইকে হাসপতালে ভর্তি করা হয়েছে। এমন ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলায় নাজমুল হুদার বাড়ির লোকজনের মধ্যে আতংক বিরাজ করছে।
ঘটনা জানার পরপরই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে বলে মন্তব্য করেন শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি বলেন, ‘উপজেলার টুকচানপুর গ্রামে একটি বাড়িতে ভাঙচুরের খবর পেয়ে শাল্লা থানার একটি টিম সেখানে গেছে। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। কে বা কারা এই হামলা চালিয়েছে এ বিষয়ে তারা কিছুই জানেন না। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’