স্টাফ রিপোর্টার :::: মোগলাবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচা ও ভাতিজার মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে মোগলাবাজার থানার সিলাম ঢালিপাড়া গ্রামে।
মারামারিতে ২ জন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন নাঈম আহমদ পামেল ও মোঃ ফাহাদ আহমদ মাহি। তারা বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিবরণে জানা গেছে, মোগলাবাজার থানার সিলাম ঢালিপাড়া গ্রামের মৃত মহব উল্লার পুত্র ফরজান আলী এবং তার ভাই মতছির আলী ও মস্তকিন আলীর মধ্যে তাদের পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তাদের সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে আদালতে দেওয়ানী মোকদ্দমা চলছে। কয়েকদিন আগে ফরজান আলী মারা যান। গতকাল সকালে মতছির আলী ও মস্তকিন আলী জমি দখল করতে গেলে মৃত ফরজান আলীর পুত্র নাঈম আহমদ পামেল ও মোঃ ফাহাদ আহমদ মাহি বাধা দেন। এ নিয়ে বাক-বিতন্ডার এক পর্যায়ে মতছির আলী ও মস্তকিন আলী তাদের ভাতিজা নাঈম আহমদ পামেল ও মোঃ ফাহাদ আহমদ মাহিকে আঘাত করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আঘাত প্রাপ্ত হওয়ায় তাহাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।
এ ব্যাপারে মৃত ফরজান আলীর পরিবারের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন- আমাদের জমি নিয়ে সিলেট আদালতে দেওয়ানী মোকদ্দমা চলমান আছে। তাছাড়া পৈত্রিক বাড়ির জায়গা আগেই ভাগ বন্টন করে নেওয়া হলেও আমাদের জমি জবর দখল নেওয়ার পায়তারা করছে মতছির আলী ও মস্তকিন আলী গংরা। তারা আমাদের জমি দখল করতে আসলে আমরা তাতে বাধা দিলে তাদের লোকরা মারপিট করে। আমরা এর সঠিক বিচার চাই।
এ ব্যাপারে মোগলাবাজার থানার অফিসার ইনচার্জের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- মারামারির ঘটনার কথা শুনেছি। কোন পক্ষ অভিযোগ দাখিল করে নাই। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।