রাজনৈতিক বিরোধের জের দক্ষিণ সুরমায় আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা ভাঙচুর

ডেইলি সিলেট নিউজ
প্রকাশিত August 8, 2024
রাজনৈতিক বিরোধের জের দক্ষিণ সুরমায় আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা ভাঙচুর

স্টাফ রিপোর্টার : রাজনৈতিক বিরোধের জেরে দক্ষিণ সুরমায় আওয়ামীলীগ নেতা আব্দুল করিম রিমনের বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। গতকাল ৭ আগস্ট দুপুর ১টার দিকে সিলেট নগরীরর দক্ষিণ সুরমার জৈনপুর গ্রামে আব্দুল করিম রিমনের বাড়িতে এ হামলা চালানো হয়। হামলাকারীরা মোটর সাইকেল যোগে এসে বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে।
আওয়ামীলীগ নেতার পরিবার ও এলাকাবাসী জানান, স্থানীয় ছাত্রদলের অন্তত ১৫/২০ জন কর্মী লাঠিসোটা নিয়ে গেট ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে। এসময় তারা আব্দুল করিম রিমনকে খুঁজতে থাকে। রিমন বাড়িতে নেই জানালে হামলাকারীরা ঘরে ঢুকে প্রতিটি কক্ষ ভাঙচুর করে। ঘরের ভেতরে থাকা টিভি, ফ্রিজ ভেঙে ফেলা হয়। এ ছাড়া আলমারিতে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় তারা। এতে রিমনের মা বাধা দিলে ছাত্রদলের উশৃঙ্খল নেতাকর্মীরা তাকে টেনে হিচড়ে ঘর থেকে বের করে এনে মারধর করে।
এ বিষয়ে আব্দুল করিম রিমনের পরিবার থেকে জানানো হয়, ‘গত ৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামীলীগ নেতাকর্মীদের বাড়িতে হামলা ও ভাংচুর চালাচ্ছে স্থানীয় ছাত্রদল, ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। প্রাণভয়ে আওয়ামীলীগ নেতাকর্মীরা ঘর ছেড়ে পালিয়েছেন। তবুও বাড়িতে হামলা, ভাংচুর এমনকি অগ্নিসংযোগ করা হচ্ছে। গতকাল দুপুর ১টার দিকে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা বাড়িতে ঢুকে হামলা, ভাংচুর, লুটপাট করেছে। এতে অন্তত ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। হামলাকারীরা তাৎক্ষণিক আব্দুল করিম রিমনকে বাসায় পেলে প্রাণে হত্যা করতো। এমন পরিকল্পনা নিয়েই ছাত্রদল ক্যাডাররা তার বাসায় হামলা চালিয়েছে। সরকার পতনের পর প্রায় প্রতিদিনই হামলা ও নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন তারা।
ঘটনা জানার পরপরই বাসায় পুলিশ পাঠানো হয়েছে বলে মন্তব্য করেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি বলেন, ‘জৈনপুর গ্রামে একটি বাড়িতে ভাঙচুরের খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার একটি টিম সেখানে গেছে। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। কে বা কারা এই হামলা চালিয়েছে এ বিষয়ে তারা কিছুই জানেন না। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’

 

সংবাদটি শেয়ার করুন