মৌলভীবাজারে জামায়াত-শিবির নিঃস্ব করে দিলো ছাত্রলীগ নেতা তুহিনকে

ডেইলি সিলেট নিউজ
প্রকাশিত August 10, 2024
মৌলভীবাজারে জামায়াত-শিবির নিঃস্ব করে দিলো ছাত্রলীগ নেতা তুহিনকে

মৌলভীবাজার প্রতিনিধি ::
মৌলভীবাজারে জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক তোফায়েল আহমদ তুহিনের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১০ আগস্ট) শহরস্থ কুসুমবাগ এলাকায় তার ব্যবসাপ্রতিষ্ঠান ‘তুহিন ভেরাইটিজ স্টোরে’ হামলা চালিয়ে মালামালও লুট করে নেওয়া হয়।  পুলিশ জানিয়েছে, হামলার খবর তারা শুনেছেন। মৌলভীবাজার সদর মডেল থানার ওসি সুজন মিয়া বলেন, এ ব্যাপারে ভুক্তভোগী থানায় অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখা হবে।  স্থানীয় সূত্রে জানা গেছে, কোটাবিরোধী আন্দোলন চলাকালে ৩ আগস্ট মৌলভীবাজারে শহরে ছাত্রজনতার সঙ্গে ছাত্রলীগের হামলার ঘটনা ঘটে। হামলায় নেতৃত্বে দেন জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক তোফায়েল আহমদ তুহিন। ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেলে এরই জেরে ১০ আগস্ট সহস্রাধিক লোকজন কুসুমবাগস্থ তুহিনের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করে টাকাপয়সা ও মালামাল লুট করে নেওয়া হয়। এ ছাড়া তুহিনের বাড়িতেও ভাঙচুর করা হয়।  মুঠোফোনে তুহিন এই প্রতিবেদককে জানান, ৩ আগস্টের ঘটনায় আমার সবকিছু তছনছ করে দিয়েছে জামায়াত-শিবির। পূর্ব শত্রুতার জের ধরে মিথ্যা মামলার উপর ভিত্তি করে তারা এ হামলা চালায়। আমিসহ আমার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি।

সংবাদটি শেয়ার করুন