স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীতে জামায়াতের মিছিল থেকে পুলিশের উপর হামলা করে দুই পুলিশ সদস্যকে আহত করার অভিযোগে জামায়াত শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের খবর পাওয়া গেছে। অন্যদিকে জামায়াতের অভিযোগ, পুলিশ তাদের শান্তিপূর্ন মিছিলে হামলা করে তাদের দুই নিরীহ কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করে নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়েছে। গতকাল ১৭ মে মঙ্গলবার বেলা ২টার দিকে নগরীর জেল রোড পয়েন্টে ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জোহরের নামাজের পর নগরীর বন্দরবাজারস্থ আবু তোরাব জামে মসজিদ থেকে জামায়াত শিবিরের নেতা কর্মীরা একটি মিছিল বের করে। গণকমিশন কর্তৃক ১১৬জন আলেমকে ধর্মব্যবসায়ী আখ্যা দিয়ে একটি তালিকা বের করার প্রতিবাদে জামায়াত শিবির এ মিছিলের আয়োজন করে। মিছিলটি শুরু করে জেলরোডে আসা মাত্র পুলিশি বাঁধার মুখে পড়লে পুলিশ এবং জামায়াত কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
এসময় পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করতে চেষ্ঠা করলে জামায়াত শিবিরের নেতা কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশের উপর হামলা চালায়। হামলায় আহত হন সিলেট মহানগর পুলিশের কোথওয়ালী থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ ও বন্দর বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ নিশু লাল দে। এসময় পুলিশ ধাওয়া করে জামায়াতের দুই নেতাকর্মীকে আটক করে।
এ ঘটনায় বিকালে পুলিশের এসআই সাজেদুল করিম সরকার বাদী হয়ে সিলেট মহানগর জামায়াতের আমীর, নায়েবে আমীর ও সেক্রেটারীসহ ২১জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১৫০/২০০জনের নামে কোথওয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগটি মামলায় (মামলা নং-৩৮) নথিভূক্ত করে। মামলার এজাহারভূক্ত আসামিরা হলেন, ফেরদৌস আলম জাকারিয়া (৩০),সামি চৌধুরী (২০), মোঃ শাহজাহান আলী (৪৭),আব্দুল্লাহ আল ফারুক (৩৫), মাওলানা সোহেল আহমদ (৫৫),মোঃ ফখরুল ইসলাম (৪৭),সিরাজুল ইসলাম (৪৮), মোঃ আব্দুর রব (৪২), আজমল হোসাইন (৫৫), মোঃ আব্দুল হাকিম(৩২), নিজাম উদ্দিন (৩০), মনসুর আহমদ রাজু (২৮), নাঈম (২৬), ফাহিম আহমদ (২৪),সোহেল আহমদ (৪৫),আলহাজ্ব মইনুল ইসলাম চুনু (৬২),বদরুল ইসলাম (৩৭),ফাহিম আহমদ (৩৭), আ.ফ.ম. খালেদ চৌধুরী (৫০), আশিকুর রহমান (৩৫) ও শাহিন মিয়া (৩৫)।
সিলেট মহানগর জামায়াতের আমীর মো: ফখরুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ ও সেক্রেটারী মো: শাহজাহান আলী এক বিবৃতিতে জানান, ‘শান্তিপূর্ন মিছিল সমাবেশ যে কোন রাজনৈতিক দলের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার। দেশবিরোধী চক্র তথাকথিত গণকমিশন কর্তৃক দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর জামায়াত মঙ্গলবার নগরীতে একটি শান্তিপূর্ন মিছিল বের করে। মিছিলটি শেষ করে যখন নিরীহ নেতাকর্মী নিজ নিজ গন্তব্যে ফিরে যাচ্ছে, তখন অতি উৎসাহী সাদা পোষাকদারী পুলিশ নিরপরাধ নেতাকর্মী ও সাধারণ পথচারীদের উপর হামলা করে। যা সম্পূর্ণ আইন, মানবাধিকার ও সংবিধান বিরোধী। পুলিশ আমাদের নেতা কর্মীদের ধরপাকড় করে আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, জেল রোড পয়েন্ট থেকে হঠাৎ করে জামায়াত শিবির মিছিল বের করে। মিছিল থেকে সরকার বিরোধী শ্লোগান দিয়ে তারা পুলিশের উপর হামলা করে ওসিসহ দু’জন পুলিশকে করেছে। অপরাধীদের নামে থানায় মামলা হয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।