স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে এক বিএনপি নেতার বাসায় একদল দুর্বৃত্ত কর্তৃক হামলার অভিযোগ উঠছে। হামলায় ঐ বিএনপি নেতার ভাই আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে নগরীর টিলাগড় কালাশীল এলাকায় মো: ফখরুল ইসলামের পুত্র যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা মো: নাঈমুর রহমানের বাসায় এই হামলার ঘটনা ঘটে। এ সময় তার ভাই মো: ফজলুর রহমান বাবলাকে কুপিয়ে আহত এবং বাসায় ব্যাপক ভাংচুর ও লুটপাট করা হয়েছে বলে বলেও অভিযোগ উঠছে। এই ঘটনার জন্য আওয়ামী সন্ত্রাসীদের দায়ী করছেন স্থানীয়রা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিলেট নগরীর টিলাগড় এলাকার কালাশীল-১২/এ, এর বাসিন্দা বিএনপি নেতা মো: নাঈমুর রহমান কয়েক বছর থেকে যুক্তরাজ্যে অবস্থান করছেন। সেখানে থেকে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পতিত শেখ হাসিনা সরকারের নানা সমালোচনা করছেন। এর জের ধরে বিগত আওয়ামী সরকারের আমলে তার পরিবারের সদস্যদের হুমকী-ধামকী দেয়া হয়েছে। এদিকে গত ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশে সংঘটিত ছাত্র আন্দোলনে তিনি ছাত্র-জনতার পক্ষে সব সময় সক্রিয় ছিলেন। এ নিয়ে স্থানীয় আওয়ামী সন্ত্রাসীরা তার পরিবারকে নানাভাবে হুমকী-ধামকি দিয়ে আসছিল। গত ৫ আগস্ট জনরোষে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী সন্ত্রাসীরা আত্মগোপনে থাকলেও বিরোধী নেতাকর্মীদের বাসা-বাড়ীতে চোরাগুপ্তা হামলা চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে বিএনপি নেতা মো: নাঈমুর রহমানের বাসায় হামলা চালানো হয়। ঐ সময় বাসায় থাকা নাঈমুর রহমানের ভাই মো: ফজলুর রহমান বাবলাকে সন্ত্রাসীদের বাধা দিতে গেলে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে। তার আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে নগরীর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে দায়িত্বরত চিকিৎসকগণ জানিয়েছেন।
এ ব্যাপারে এসএমপির শাহপরান থানার ওসি সৈয়দ আসিসুর রহমানের মোবাইলে ফোন দেয়া হলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়। কার্যত ৫ আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকে সকল পুলিশ থানা ছেড়ে চলে যান। এরপর থেকে এখনো থানাগুলো বন্ধ রয়েছে।