স্টাফ রিপোর্টার : মহানগরীতে ছাত্রশিবির কর্মীর উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল, সোমবার (০৬ ফেব্রুয়ারি ২০২৩) বিকেলে একদল সন্ত্রাসী ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শ্লোগান দিয়ে ছাত্রশিবির কর্মী মুনতাসির আহমদ রাফির (২১) উপর এ হামলা করে। রাফি হবিগঞ্জ সদর থানার থানার ৪ নং ওয়ার্ডের নোয়াবাদ গ্রামের বাসিন্দা মোঃ ছমেদ আলীর ছেলে। হামলায় গুরুতর আহত হন তিনি। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বেলা অনুমান সাড়ে ১২টার দিকে চোউহাট্টা থেকে দলীয় কর্মসূচী শেষে বাসায় যাওয়ার পথে জিন্দাবাজার এলাকায় এসে পৌঁছালে একদল দুর্বৃত্ত “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগান দিয়ে অতর্কিত তার ওপর হামলা চালায়। এক পর্যায়ে, অচেতন রাফিকে হামলাকারীরা তাঁকে ফেলে রেখে মোটর সাইকেলযোগে ঘটনাস্থল ত্যাগ করে। হামলায় গুরুতর আহত হন তিনি। এসময় স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে। রাফির অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত মুনতাসির আহমদ রাফির মা সৈয়দা জাহানারা আক্তার এ ঘটনা সন্মন্ধে বলেন, তাঁর ছেলের কারো সাথে ব্যাক্তিগত কোনও বিরোধ নেই। কিন্তু ২০২১ সালের শেষ দিকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে যোগদান করার পর ছাত্রলীগসহ সরকারি দলের লোকজনের কাছ থেকে নানরকম হুমকি আসছিলো। হয়তো এ ঘটনা তার-ই ধারাবাহিকতা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত উক্ত ঘটনায় কোনও মামলা হয়নি। মহানগর ছাত্রশিবিরের দাবী, রাফিকে মারধর সময় দুর্বৃত্তরা “জয় বাংলা-জয় বঙ্গবন্ধু” শ্লোগান দিচ্ছিল। যা থেকে নিশ্চিত আওয়ামী লীগ, ছাত্রলীগ এই হামলা করেছে। সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে পুলিশ মামলা নিতে গড়িমসি করছে। তবে এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করে মহানগর ছাত্রলীগ নেতা নাইম আহমদ বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না। কে বা কারা এ হামলা চালিয়েছে তার জানা নেই। এ ঘটনায় তিনি ছাত্রলীগের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন।
এ বিষয়ে ভিকটিম রাফির মা সৈয়দা জাহানারা আক্তার সিলেট কোতোয়ালী থানায় একটি জিডি এন্ট্রি করেছেন।