যুগভেরী ডেস্ক ::: সিলেট জেলার গোলাপগঞ্জ পয়েন্টে আসন্ন স্বাধীনতা দিবসের প্রস্তুতিমূলক সভায় ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। গতকাল ৩ মার্চ বিকেল ৪ টায় এ ঘটনা ঘটে। নিহত ছাত্রলীগ কর্মী খায়রুল ইসলাম গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি গ্রামের সাইফুল হোসেনের পুত্র। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে ৪জন কে আটক করে। আটককৃতরা হলেন, জেলা যুবদলের সক্রিয় সদস্য ফুলসাইন্দ গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে অজি মোহাম্মদ কাউসার, উপজেলা বিএনপির সদস্য শীলঘাট কুমার পাড়ার বাসিন্দা মৃত মোস্তফা মিয়ার ছেলে আব্দুল গফফার কুটি, রায়গড় বটরপাড়ার দুদু মিয়ার ছেলে দুলাল আহমদ রুপন, মৃত আব্দুর রহিমের ছেলে মতিউর রহমান মাতাব। স্থানীয় বাসিন্দারা সাংবাদিকদের জানান, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রলীগের সভায় দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালায় হামলায় গুরুতর আহত হন খায়রুল ইসলাম। আহত খায়রুল ইসলামকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হলে ঐদিন রাতেই তিনি মারা যান। এ ঘটনায় নিহতের পিতা থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যায়।