মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের

ডেইলি সিলেট নিউজ
প্রকাশিত October 19, 2026
মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের

হবিগঞ্জ ও সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই তরুণ নিহত হয়েছেন। হবিগঞ্জের চুনারুঘাট ও সুনামগঞ্জের দিরাইয়ে এসব দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন দিরাইয়ের হিমেল দাস (১৯) ও চুনারুঘাটের ফাহিম চৌধুরী (২০)।

দিরাই: দিরাইয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন হিমেল দাস (১৯)। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মারা যান। এ ঘটনায় জয় দাস (২০) নামে আরেক তরুণ গুরুতর আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রবিবার বিকেল ৪টার দিকে দিরাই-শ্যামারচর সড়কের ভরারগাও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হিমেল দাস দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের মাহাতাপপুর গ্রামের মতি লাল দাসের ছেলে। আহত জয় দাস একই গ্রামের জহরলাল দাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় রাজানগর ইউনিয়নের জাহানপুর গ্রামের নুরুল হকের ছেলে তামিম মিয়া ও রন্নারচর গ্রামের ফয়জুল মিয়ার ছেলে সাইফুল মিয়া একটি মোটরসাইকেলে করে দিরাই থেকে বাড়ি ফিরছিলেন। অন্যদিকে, হিমেল দাস ও জয় দাস আরেকটি মোটরসাইকেলে করে দিরাই সদরের দিকে যাচ্ছিলেন। ভরারগাঁও এলাকায় পৌঁছালে মোটরসাইকেল দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে হিমেল ও জয় গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁদের সিলেটে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় হিমেল দাসের মৃত্যু হয়।

এদিকে, দুর্ঘটনায় অন্য মোটরসাইকেলে থাকা তামিম মিয়া ও সাইফুল মিয়ার শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে জানতে তামিমের বাবা নুরুল হকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পাওয়া গেছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চুনারুঘাঠ: হবিগঞ্জের চুনারুঘাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লেগে প্রাণ হারিয়েছেন এক তরুণ।

রবিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহিম চৌধুরী (২০) চুনারুঘাট উপজেলার বিলপাড় গ্রামের রাসেল মিয়ার ছেলে। আহতরা হলেন একই এলাকার দুধপাতিল গ্রামের মাহি (১৯) ও বিলপাড় গ্রামের শুভ (২২)।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে তিন বন্ধু মিলে আমু চা-বাগানে ঘুরতে যান। আড্ডা ও ঘোরাঘুরি শেষে রাত ১২টার দিকে একটিমাত্র মোটরসাইকেলে চড়ে তারা বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ঘনশ্যামপুর এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে যানটি সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায় এবং তিন বন্ধু ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন বিকট শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফাহিম চৌধুরীকে মৃত ঘোষণা করেন। অপর দুই বন্ধু মাহি ও শুভর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় হয়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনাই আইনী পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন