সিলেট নগরীর শাহজালাল উপশহরে প্রবাসী ছাত্রলীগ নেতার বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ডেইলি সিলেট নিউজ
প্রকাশিত September 28, 2026
সিলেট নগরীর শাহজালাল উপশহরে প্রবাসী ছাত্রলীগ নেতার বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদকঃ
সিলেট নগরীর শাহজালাল উপশহরে যুক্তরাজ্য প্রবাসী ছাত্রলীগ নেতা মোঃ আবু ওমর আব্দুল্লাহ জাকির বাসায় হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে একদল মুখোশধারী সশস্ত্র সন্ত্রাসীরা। অদ্য (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা অনুমান ৬.৩০ ঘটিকার দিকে শাহজালাল উপশহর এফ ব্লকের ৪ নম্বর রোডের ১২৩/২ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ১৫/২০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল মুখে মাস্ক, হেলমেট ও মুখোশ পরে ওই বাসায় প্রবেশ করে। তখন তাদের হাতে ধারালো দা, চাপাতি, রামদা, হকিস্টিক, লোহার রড ও জি.আই পাইপ সহ বিভিন্ন মারাত্মক দেশীয় অস্ত্র ছিল। বাসায় ঢুকেই তারা আবু ওমর আব্দুল্লাহ জাকির নাম ধরে ডাকাডাকি করে তাকে খুঁজতে থাকে এবং তাকে হত্যার হুমকি দেয়। তখন জাকির পরিবারের সদস্যরা হামলাকারীদের জানান, জাকি বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। এরপরও সন্ত্রাসীরা বাসার বিভিন্ন স্থানে তল্লাশি চালানোর পাশাপাশি বাসার ভেতর ও গ্যারেজে থাকা বিভিন্ন মালামাল ভাঙচুর করে। একপর্যায়ে তারা বাসার গ্যারেজের সামনে আগুন জ্বালিয়ে আতঙ্ক ও ত্রাসের সৃষ্টি করে। পরে স্থানীয় এবং আশপাশের আরও লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। আবু ওমর আব্দুল্লাহ জাকি বাংলাদেশে থাকাকালীন সময়ে সিলেট সিটি কর্পোরেশনের ২২ নম্বর ওয়ার্ড (শাহজালাল উপশহর) ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালে তিনি সস্ত্রীক যুক্তরাজ্যে চলে যান। বর্তমানে তিনি স্ত্রী সহ সেখানেই বসবাস করছেন। জাকির বাবা মোঃ হাসমত উল্লাহ বলেন, ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা এবং পদে থাকার কারণে তার ছেলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। তিনি বলেন, বিএনপির মদদপুষ্ট সন্ত্রাসীরা যেকোনো সময় তার ছেলে আবু ওমর আব্দুল্লাহ জাকিকে হত্যার উদ্দেশ্যে আবারও তাদের বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করতে পারে। ওই হামলার পর থেকে তিনি ও তার পরিবারের অন্যান্য সদস্যরা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। হাসমত উল্লাহ আরও বলেন, তার ছেলে আবু ওমর আব্দুল্লাহ জাকির জীবন বর্তমানে দেশে চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ অবস্থায় তার ছেলের দেশে ফিরে আসা কোনক্রমেই নিরাপদ নয়। এ বিষয়ে শাহপরাণ (রঃ) থানার অফিসার ইনচার্জের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জাকি স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের একজন দোসর এবং ছাত্রলীগের সক্রিয় নেতা ছিল বিধায় তার বাসায় হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে তিনি কিছুই জানেন না। তিনি বলেন, অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন