এমদাদ চৌধুরীর বক্তব্যের প্রতিবাদ এনসিপির, কর্মীদের ‘শান্ত থাকার’ নির্দেশ

ডেইলি সিলেট নিউজ
প্রকাশিত September 25, 2026
এমদাদ চৌধুরীর বক্তব্যের প্রতিবাদ এনসিপির, কর্মীদের ‘শান্ত থাকার’ নির্দেশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এনসিপি সিলেট মহানগর। একই সঙ্গে দলের নেতাকর্মীদের কোনো উসকানিমূলক বক্তব্য বা সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারণায় আবেগতাড়িত হয়ে প্রতিক্রিয়া না দেখানোর আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এনসিপি সিলেট মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজাল ও সদস্যসচিব মো. কিবরিয়া সারওয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

এর আগে বুধবার (২৩ সেপ্টেম্বর) সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন এমদাদ হোসেন চৌধুরী। এসময় এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘যেখানে পাওয়া যাবে সেখানে গণধোলাই দেওয়ার’ নির্দেশ দেন এমদাদ হোসেন চৌধুরী।

এনসিপির বিবৃতিতে বলা হয়, নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি বক্তব্যকে কেন্দ্র করে এমদাদ হোসেন চৌধুরীর দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে। তবে কোনো ব্যক্তি বা পক্ষের উসকানিমূলক বক্তব্য, মন্তব্য, পোস্ট, প্রচারণা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের কোনো কর্মকাণ্ডে আবেগতাড়িত হয়ে বিরূপ প্রতিক্রিয়া না দেখাতে দলের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘ডার্বি নাসীর নামে পরিচিত এই পাটওয়ারী কিছুদিন ধরে অযাচিত বক্তব্য দিয়ে যাচ্ছে। সে বলছে, তাদের তিন দাবি মেনে নিলে নাকি ঢাকা শহরে আর কোনো ককটেল ফুটবে না। এ ধরনের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতা। শুধু নাসীরই নয় এনসিপির নেতারা যে বক্তব্য দিচ্ছে তা রাজনীতির পরিবেশকে নষ্ট করছে। তাদের প্রতিহত করতে না পারেলে দিন দিন তাদের আস্ফালন বেড়ে যাবে। তাদের যেখানেই পাওয়া যাবে সেখানেই গণধোলাই দিতে হবে।’

এ বক্তব্যের প্রেক্ষিতে এনসিপির দেওয়া বিবৃতিতে আরও বলা হয়, রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন ব্যক্তি, দল বা গোষ্ঠী এনসিপি, দলের নেতৃত্ব ও নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য দিতে পারেন। এসব বক্তব্যের জবাবে পাল্টা কটূক্তি, ব্যক্তিগত আক্রমণ, অশালীন বা বিরূপ মন্তব্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তেজনাপূর্ণ প্রচারণা থেকে সবাইকে বিরত থাকতে হবে।

এনসিপি সিলেট মহানগর বলেছে, তাদের রাজনৈতিক কার্যক্রম ধৈর্য, শৃঙ্খলা, রাজনৈতিক সৌজন্য, সহনশীলতা ও দায়িত্বশীলতার সঙ্গে পরিচালিত হবে। কোনো বক্তব্য বা মন্তব্য নিয়ে ব্যক্তিগত প্রতিক্রিয়া যেন সাংগঠনিক শৃঙ্খলা, দলের ভাবমূর্তি কিংবা সিলেটের শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশকে বিঘ্নিত না করে, সে বিষয়েও নেতাকর্মীদের সতর্ক করা হয়েছে।

মহানগরের অন্তর্ভুক্ত থানা ও ওয়ার্ড কমিটি এবং দলের সহযোগী সংগঠন ছাত্রশক্তি, যুবশক্তি, শ্রমিক শক্তি, ন্যাশনাল ল অ্যালায়েন্সসহ সংশ্লিষ্ট সব পর্যায়ের নেতাকর্মীদের সাংগঠনিক সিদ্ধান্ত, দলের নীতিমালা ও নেতৃত্বের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, কেউ সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে উসকানিমূলক বক্তব্য, অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্য প্রচার করলে তার জবাবে ব্যক্তিগতভাবে প্রতিক্রিয়া না দেখিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা ও দলের নীতিমালা অনুসরণ করতে হবে।

এতে আরও বলা হয়, সংযম, শৃঙ্খলা, রাজনৈতিক সৌজন্য, সহনশীলতা ও দায়িত্বশীল আচরণই একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের শক্তি। কোনো ধরনের উত্তেজনা বা বিভ্রান্তি যেন দলের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনৈতিক কার্যক্রমকে ব্যাহত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য নিয়ে গত ২২ সেপ্টেম্বর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন।

সবশেষে এনসিপি সিলেট মহানগর নেতাকর্মীদের কোনো উসকানিতে পা না দিয়ে ধৈর্য, শৃঙ্খলা ও রাজনৈতিক প্রজ্ঞার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানায়।

সংবাদটি শেয়ার করুন