লন্ডনের আলতাব আলী পার্কে আওয়ামী লীগ নেতাদের সাজা প্রত্যাখ্যানের দাবিতে যুক্তরাজ্য যুবলীগের প্রতিবাদ সমাবেশ

ডেইলি সিলেট নিউজ
প্রকাশিত September 16, 2026
লন্ডনের আলতাব আলী পার্কে আওয়ামী লীগ নেতাদের সাজা প্রত্যাখ্যানের দাবিতে যুক্তরাজ্য যুবলীগের প্রতিবাদ সমাবেশ

যুক্তরাজ্য প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ঘোষিত সাজা ও রাজনৈতিক মামলাগুলোকে ‘উদ্দেশ্যপ্রণোদিত ও প্রহসনমূলক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে যুক্তরাজ্য যুবলীগ। এসব সাজা বাতিল এবং নেতাদের বিরুদ্ধে আরোপিত আইনি বিধিনিষেধ প্রত্যাহারের দাবিতে যুক্তরাজ্যের লন্ডনে ঐতিহাসিক আলতাব আলী পার্কে এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে যুক্তরাজ্য যুবলীগ, যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুক্তরাজ্য ছাত্রলীগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও প্রবাসী আওয়ামী লীগ নেতৃবৃন্দ অংশ নেন। সমাবেশে বক্তারা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতাদের বিরুদ্ধে ঘোষিত রায়ের প্রতিবাদ জানান এবং এসব সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি তোলেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে অন্যায় রায় ঘোষণা করা হয়েছে। তাঁরা এসব রায়কে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।
যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল আহমদ খানের যৌথ আহ্বানে এ প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শফিকুর রহমান, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সুনামগঞ্জের সাবেক সংসদ সদস্য রঞ্জিত সরকার, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ও হিরন মাহমুদ নিপু।
এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির উপ-সাংস্কৃতিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলে রাব্বী স্মরণ, যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তামিম আহমদ, সাধারণ সম্পাদক সজীব ভূঁইয়া এবং দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. আল মাহমুদ মুহিন। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আ স ম মিসবাহ, সুশান্ত দাস গুপ্ত, আব্দুল হক পংকী খান ও ব্যারিস্টার নজমুল ইসলামসহ যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
সমাবেশে বক্তারা শেখ হাসিনাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতাদের বিরুদ্ধে আরোপিত সাজা ও আইনি বিধিনিষেধ অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানান। একই সঙ্গে প্রবাসে শেখ হাসিনার রাজনৈতিক আদর্শ ও আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান তুলে ধরার পাশাপাশি তাঁদের ভাষায় অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিবাদ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সমাবেশে বক্তারা আরও বলেন, রাজনৈতিক অধিকার ও ন্যায়বিচারের প্রশ্নে তাঁরা তাঁদের প্রতিবাদী অবস্থান অব্যাহত রাখবেন এবং প্রবাসে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখার প্রচেষ্টা চালিয়ে যাবেন।

সংবাদটি শেয়ার করুন