
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়ন ছাত্রদলের অন্যতম নেতা ও বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক, বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী কাজী মাহমুদ আহমদ নাবিলকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবি নিয়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আওয়ামী লীগের শীর্ষ কয়েকজন নেতার সঙ্গে তোলা নাবিলের ৩-৪টি ছবি ভাইরাল হওয়ার পর গত দুইদিন ধরে স্থানীয়ভাবে তাকে নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। বিষয়টি নিয়ে ছাত্রদলের তৃণমূল থেকে শুরু করে শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদের মাঝেও দেখা দিয়েছে তীব্র ক্ষোভ ও অসন্তোষ।
জানা যায়, গত শনিবার (১৪ মার্চ) সকালে ফেসবুকের একটি অজ্ঞাত আইডি থেকে আওয়ামী লীগের শীর্ষ কয়েকজন নেতার সঙ্গে কাজী মাহমুদ আহমদ নাবিলের কয়েকটি ছবি পোস্ট করা হয়। মুহূর্তের মধ্যেই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়ে যায়। পরে স্থানীয়ভাবে তাকে ‘আওয়ামী লীগের দোসর’ হিসেবে আখ্যায়িত করা হয়।
এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনার ঝড় ওঠে। দীর্ঘদিনের ত্যাগী ছাত্রদল নেতার এমন ছবি প্রকাশ পাওয়ায় অনেক নেতাকর্মী বিস্ময় প্রকাশ করেন।
এ বিষয়ে বড়লেখা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এম আরিফুল ইসলাম বলেন, নাবিল ছাত্রদলের সক্রিয় নেতা ছিলো। ছবি ভাইরালের বিষয়টি দেখেছি। দলের সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে কাজী মাহমুদ আহমদ নাবিলের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।