
জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
বিএনপি সরকার গঠনের পর দেশের বিভিন্ন অঞ্চলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার সদর উপজেলার মোস্তুফাপুর ইউনিয়নের কটারমহল গ্রামে জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক তোফায়েল আহমদ তুহিনের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাকে বাড়িতে না পেয়ে কুসমবাগস্থ তাদের ব্যবসাপ্রতিষ্ঠান তুহিন ভ্যারাইটিজ স্টোরেও হামলা চালানো হয়।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, বিএনপির স্থানীয় ১৫-১৬ জন নেতাকর্মী হঠাৎ করে বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালায়। এ সময় বাড়িতে থাকা তুহিনের মা ও তার ভাই রাব্বির আহমেদ রাহিন হামলার শিকার হন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে রাব্বির আহমেদ রাহিন সাংবাদিকদের জানান, তার ভাই তোফায়েল আহমদ তুহিন দীর্ঘদিন ধরে প্রবাসে থাকলেও তিনি ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত। এ কারণে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সরকার গঠনের পর থেকেই তাদের বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন।
তিনি আরও বলেন, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ ১৫-১৬ জন লোক আমাদের বাড়িতে এসে হামলা ও ভাঙচুর চালায়। এতে আমি ও আমার মা গুরুতর আহত হয়েছি। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
তবে এ বিষয়ে উপজেলা বিএনপির দায়িত্বশীল নেতারা জানান, ঘটনাটি তাদের জানা নেই। এদিকে মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর মিয়ার বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।
সম্পাদক ও প্রকাশক : সুহিন আহমদ খান
বার্তা সম্পাদক : বিলাল হোসেন
অফিস : জিন্দাবাজার সিলেট।