বিএনপির নির্বাচনী সভায় হামলার অভিযোগে ১২ জনের নাম উল্লেখসহ মামলা

ডেইলি সিলেট নিউজ
প্রকাশিত February 19, 2026
বিএনপির নির্বাচনী সভায় হামলার অভিযোগে ১২ জনের নাম উল্লেখসহ মামলা

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার উত্তর বাজার ইউনিয়নে বিএনপির নির্বাচনী সভায় হামলা, গুরুতর আহত ও ভাঙচুরের অভিযোগে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেছেন উত্তর বাজার ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক নজরুল ইসলাম । তিনি গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে কুলাউড়া থানায় এজাহার দাখিল করেন। মামলায় দণ্ডবিধির ১৪৩/ ৪৪৭/ ৪৪৮/ ৩২৩/ ৩২৬/ ৩০৭/ ৪২৭/ ৫০৬(২)/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি বিকেল ৩টার দিকে উত্তর বাজার এলাকায় বিএনপি মনোনীত ১৩তম জাতীয় সংসদ সদস্য প্রার্থী শওকুতুল ইসলাম শকু’র সমর্থনে আয়োজিত একটি নির্বাচনী সভায় যোগ দিতে বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে আসছিলেন। এ সময় প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। মামলায় উল্লেখ করা হয়েছে, স্বতন্ত্র প্রার্থী মোজাহিদ আহমদের অনুসারী হিসেবে পরিচিত প্রতাবী গ্রামের জবেদ মিয়ার পুত্র সুয়াইফুর রহমান মুয়াইমিন এর উসকানী ও আর্থিক সহযোগীতায় দোয়াগাও গ্রামের আব্দুল হামিদের পুত্র আব্দুল কাদির, মোঃ আব্দুল ওয়াহিদ এর পুত্র মোহাম্মদ সাইফুল ইসলাম, নান্টু মিয়ার পুত্র জব্বার মিয়া, রহিম সরকারের পুত্র আব্দুছ ছত্তার, আহমদ মিয়ার পুত্র গফ্ফার মিয়া, আছকান মিয়ার পুত্র আকরাম মিয়া, মৃত দরছ মিয়ার পুত্র মোঃ আব্দুল ওয়াহিদ, মোঃ রফিক উদ্দিন চৌধুরীর পুত্র তোফায়েল আহমদ, মোঃ রফিক উদ্দিনের পুত্র গুলজার আহমদ চৌধুরী, আব্দুল মছব্বিরের পুত্র সফিকুল ইসলাম, নজমুল হকের পুত্র সেলিমসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জন সংঘবদ্ধ হয়ে হামলায় অংশ নেন। আসামীরা সবাই মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভিন্ন ভিন্ন গ্রামের। অভিযোগে বলা হয়েছে, হামলার সময় আব্দুল কাদিরের নির্দেশে জব্বার মিয়া ধারালো দা দিয়ে উত্তর বাজার ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফের মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। এছাড়া আকরাম মিয়া হকিস্টিক দিয়ে ফয়জুল, কবির, সুহেল ও মিনহাজসহ একাধিক নেতাকর্মীকে মারধর করে আহত করে। হামলায় আরও বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, হামলাকারীরা সভাস্থলে থাকা চেয়ার-টেবিল ভাঙচুর করে এবং উপস্থিত নেতাকর্মীদের প্রাণনাশের হুমকি দেয়। পরে আহতদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া ভর্তি করা হয়। মামলার বাদী নজরুল ইসলাম অভিযোগ করেন, বিএনপির প্রার্থী শওকুতুল ইসলাম শকু’র সমর্থনে আয়োজিত সভা পণ্ড করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। এ বিষয়ে কুলাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে এবং অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।

সংবাদটি শেয়ার করুন