সিলেট চেম্বারে “ব্লক বাটিক” বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ডেইলি সিলেট নিউজ
প্রকাশিত May 18, 2025
সিলেট চেম্বারে “ব্লক বাটিক” বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

এসএমই ফাউন্ডেশন ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র যৌথ উদ্যোগে “ব্লক বাটিক” বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৮ মে) সকালে চেম্বার কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে সিলেট চেম্বারের সভাপতি ফয়েজ হাসান ফেরদৌস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেট কার্যালয়ের নির্বাহী পরিচালক খালেদ আহমদ।

 

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক বলেন, ব্লক বাটিক আমাদের ঐতিহ্যের অংশ। এ শিল্পটি আমাদের দেশের প্রেক্ষাপটে অত্যন্ত সম্ভাবনাময়। বাংলাদেশের মধ্যে জামালপুর জেলা ব্লক বাটিকের ক্ষেত্রে সবথেকে এগিয়ে আছে। তিনি বলেন, সিলেটের উদ্যোক্তারা চাইলে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি ফ্লাইট ব্যবহার করে ব্লক বাটিক পণ্য যুক্তরাজ্য ও মধ্যপ্রাচ্যে রপ্তানী করতে পারেন। তিনি জানান, অপ্রাতিষ্ঠানিক উদ্যোক্তাদের এসএমই উদ্যোক্তা হিসেবে গণ্য করতে বর্তমানে সংশ্লিষ্ট নীতিতে পরিবর্তন আনা হয়েছে। যার ফলে অপ্রাতিষ্ঠানিক উদ্যোক্তাগণ এসএমই উদ্যোক্তা হিসেবে সুযোগ-সুবিধা পাবেন। তিনি আরো জানান, বাংলাদেশ ব্যাংক সম্প্রতি প্রতিটি ব্যাংক শাখাকে বছরে কমপক্ষে ৩ জন নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ প্রদান ও কমপক্ষে একজনকে ঋণ প্রদানের নির্দেশনা প্রদান করেছে। তিনি এ সুযোগ গ্রহণের জন্য নারী উদ্যোক্তাদের আহবান জানান। তিনি সিলেটে তার দায়িত্বকালে সঠিক ও প্রশিক্ষিত এসএমই উদ্যোক্তাদের ব্যাংক ঋণের ব্যাপারে নীতিমালা অনুযায়ী সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

 

সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের সভাপতি ফয়েজ হাসান ফেরদৌস বলেন, ব্লক বাটিক একধরণের হস্তশিল্প, যা দীর্ঘকাল যাবৎ আমাদের অর্থনীতিতে অবদান রাখছে। বিশ্বায়নের এ যুগে আমাদের ঐতিহ্যবাহী হস্তশিল্পগুলোকে আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে নতুনভাবে গড়ে তোলা এবং বাজারে প্রতিযোগিতায় সক্ষম করে গড়ে তোলা একান্ত জরুরি। তিনি বলেন, প্রশিক্ষণ উদ্যোক্তার সৃজনশীলতাকে বিকশিত করে, যা পণ্যের মানউন্নয়ন ও বহুমুখীকরণে ভ‚মিকা রাখে। সিলেটের ব্লক বাটিক উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে সিলেট চেম্বারের সাথে যৌথ উদ্যোগে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাটি আয়োজনের জন্য তিনি এসএমই ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি প্রশিক্ষিত এসএমই উদ্যোক্তাদের ঋণ প্রদানে ব্যাংকগুলোকে আন্তরিক হওয়ার আহবান জানান।

 

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষক এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের মূল্যায়নকারী নাজমুন নাহার, সিলেট চেম্বারের পরিচালক সারোয়ার হোসেন ছেদু ও আকতার হোসেন খান। এসময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি সায়েম আহমদ, সিলেট চেম্বারের কর্মকর্তাবৃন্দ ও প্রশিক্ষণার্থীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন