এশিয়ার বৃহত্তম মিঠাপানির হাওর হাকালুকি। হাকালুকি হাওরের মাছ,পাখি ছাড়াও অন্যতম আকর্ষণ “হিজলবন” শুষ্ক মৌসুমে হিজল বনের (ফেঞ্চুগঞ্জ অংশ) সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমান হাজারো পর্যটক।
পর্যটকরা এই হিজলবন কে মিনি রাতারগুল বলে আখ্যায়িত করেন। এই হিজলবনের সৌন্দর্য বৃদ্ধি, বন সম্প্রসারণ ও পরিবেশ সুরক্ষায় আরেক উদ্যোগ নিয়েছে ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসন।
আজ রোববার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে ৩শত করচ গাছের ও ৫শত হিজল গাছের চারা রোপন করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো:মনিরুজ্জামান খান, উপজেলা কৃষি অফিসার সুব্রত দেবনাত, উপ সহকারী কৃষি অফিসার মুহিবুর রহমান ইরান, রফিকুল ইসলাম ও এনজিও ও স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে করচ গাছের চারাগুলো সরবরাহ করে সিলেট বন বিভাগ ও হিজল গাছের চারা ক্রয় করা হয় উপজেলা ইসিএ ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে। পরিবেশ সুরক্ষার উদ্যোগটি প্রশংসা কুড়িয়েছে উপজেলা জুড়ে।