নিজস্ব প্রতিনিধি:
রাজনৈতিক বিরোধের জেরে মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়ন এর ছাত্রলীগের অফিস সেক্রেটারি ইমাদ উদ্দিন সালমান এর বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। গতকাল ১১ই ফেব্রুয়ারী রাত ১টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়ন এর গোরারাই গ্রামে ইমাদ উদ্দিন সালমান এর বাড়িতে এ হামলা চালানো হয়। হামলাকারীরা মোটর সাইকেল যোগে এসে বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে।ছাত্রলীগ নেতার পরিবার ও এলাকাবাসী জানান, স্থানীয় ছাত্রদলের অন্তত ১৫/২০ জন কর্মী লাঠিসোটা নিয়ে গেট ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে। এসময় তারা ইমাদ উদ্দিন সালমানকে খুঁজতে থাকে। সালমান বাড়িতে নেই জানালে হামলাকারীরা ঘরে ঢুকে প্রতিটি কক্ষ ভাঙচুর করে। ঘরের ভেতরে থাকা টিভি, ফ্রিজ ভেঙে ফেলা হয়। এ ছাড়া আলমারিতে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় তারা। এতে ইমাদ উদ্দিন সালমান এর ভাই বাধা দিলে ছাত্রদলের উশৃঙ্খল নেতাকর্মীরা তাকে টেনে হিচড়ে ঘর থেকে বের করে এনে মারধর করে।
এ বিষয়ে ইমাদ উদ্দিন সালমান এর পরিবার থেকে জানানো হয়, ‘গত ৫ আগস্ট সরকার পতনের পর ছাত্রলীগ নেতাকর্মীদের বাড়িতে হামলা ও ভাংচুর চালাচ্ছে স্থানীয় ছাত্রদল, ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। প্রাণভয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা ঘর ছেড়ে পালিয়েছেন। তবুও বাড়িতে হামলা, ভাংচুর এমনকি অগ্নিসংযোগ করা হচ্ছে। গতকাল রাত ১টার দিকে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা বাড়িতে ঢুকে হামলা, ভাংচুর, লুটপাট করেছে। এতে অন্তত ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। হামলাকারীরা তাৎক্ষণিক ইমাদ উদ্দিন সালমানকে বাসায় পেলে প্রাণে হত্যা করতো। এমন পরিকল্পনা নিয়েই ছাত্রদল ক্যাডাররা তার বাসায় হামলা চালিয়েছে। সরকার পতনের পর প্রায় প্রতিদিনই হামলা ও নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন তারা।
ঘটনা জানার পরপরই বাসায় পুলিশ পাঠানো হয়েছে বলে মন্তব্য করেন মৌলভীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি বলেন, গোরারাই গ্রামে একটি বাড়িতে ভাঙচুরের খবর পেয়ে মৌলভীবাজার থানার একটি টিম সেখানে গেছে। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। কে বা কারা এই হামলা চালিয়েছে এ বিষয়ে তারা কিছুই জানেন না। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’