বিশ্বনাথের নাশকতা মামলায় বিএনপি’র ১০ জনের ১০ বছরের দন্ড ও আর্থিক জরিমানা

ডেইলি সিলেট নিউজ
প্রকাশিত January 20, 2025
বিশ্বনাথের নাশকতা মামলায় বিএনপি’র ১০ জনের ১০ বছরের দন্ড ও আর্থিক জরিমানা

স্টাফ রিপোর্ট  :::
বিশ্বনাথের নাশকতা মামলায় বিএনপি’র ১০ জনের ১০ বছরের দন্ড ও আর্থিক জরিমানার আদেশ দিয়েছেন আদালত । গতকাল সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালত বিচারক এ রায় প্রদান করেন।  আদালতের ঘোষিত রায়ে দন্ডপ্রাপ্তরা হলেন, বিশ্বনাথ উপজেলার তাজপুরের কয়েছ মিয়ার ছেলে সাইফুর রহমান, মৃত মো. বশির মিয়ার ছেলে জাকারিয়া আহমদ, কাঠলি পাড়া গ্রামের মো. ইউসুফ আলীর ছেলে মো. ইমন আলী, জানাইয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে জাকির হোসেন, কাদিপুর গ্রামের জিতু মিয়ার ছেলে সাকিব আহমদ, কাদিপুর গ্রামের মৃত আব্দুস ছালামের ছেলে ইকবাল হোসেন, তাজপুর গ্রামের শহিদ উদ্দিনের ছেলে হাবিব মিয়া, জানাইয়া গ্রামের মৃত ইর্শাদ আলীর ছেলে চুনু মিয়া, জিল্লুর রহমানের ছেলে মিছবাহ, ও রশিদপুরের খাইরুল ইসলামের ছেলে জাকির। আদালতে রায় ঘোষণার সময় মোঃ ইমন আলী, জাকির হোসেন, সাকিব আহমদ পলাতক ছিলেন এবং অন্যান্য আসামিরা আদালতের ডকে উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্বনাথ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ জড়ো হয়ে প্রতিবাদ সভা ও আন্দোলন করতে থাকে। এ খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশের একটি টিম আইন শৃংখলা রক্ষার নিমিত্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রতিবাদকারী লোকজনকে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করলে, তখন উত্তেজিত জনতা তাদের হাতে থাকা লোহার রড, বাঁশের লাঠি, কাঠের রুল ও ইট, পাথর দিয়ে এলোপাতাড়ি আক্রমন করে কং/১০১২ মতিন আহমদ কে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। এসময় মারপিট ও ইটের আঘাতে পথচারী কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রনের লক্ষ্যে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে। তখন উপস্থিত নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে দিক-বিদিক পালিয়ে যায়।ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে জনসাধারণের চলাচলে ও সরকারী কাজে বাধা প্রদান করায় মারাত্মক জনদূর্ভোগ সৃষ্টি হয় । এ ঘটনায় এস আই বিনয় কুমার দাস বাদী হয়ে বিশ্বনাথ থানার মামলা নং- ০৫, তারিখ- ০৫/১১/২০২৩ ইং, জি, আর মামলা নং- ২৯৮/২০২৩ ইং, ধারা: ১৪৩/ ৩২৬/৩০৭/৩৫৩/ ৩৩৩ /৩৪ দন্ডবিধি এবং ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৬ (২) দাখিল করা হয়। মামলার দীর্ঘ তদন্ত শেষে বিশ্বনাথ থানা পুলিশ ২০২৪ সনের ১৮ ফেব্রুয়ারি অভিযোগ পত্র নং- ১২ দাখিল করে। আদালত অভিযোগপত্র গ্রহণ করে বিচার কার্যক্রম শুরু করেন। মামলায় সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে গতকাল প্রকাশ্যে আদালতে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৬(২) ধারায় দোষী সাব্যস্থ করে প্রত্যেক আসামিকে ১০ (দশ) বৎসরের সশ্রম কারাদন্ড ও ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা জরিমানা অনাদায়ে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আইনজীবী জালাল উদ্দীন ও মামলার আসামি পক্ষে ছিলেন মোঃ শাহ আশরাফুল ইসলাম এডভোকেট, ইসলাম উদ্দিন এডভোকেট, মোহাম্মদ আমিনূর রশীদ এডভোকেট।

সংবাদটি শেয়ার করুন