জালালপুরে প্রবাসী ছাত্রলীগ নেতা আদিলের বাড়িতে হামলার অভিযোগ

ডেইলি সিলেট নিউজ
প্রকাশিত January 11, 2025
জালালপুরে প্রবাসী ছাত্রলীগ নেতা আদিলের বাড়িতে হামলার অভিযোগ

ডেস্ক রিপোর্ট ::::
দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্রলীগ নেতা আল আমিন আহমদ আদিলের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। হামলাকারীরা আদিলের পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলারও হুমকি দিচ্ছে। এমন অভিযোগ করেছেন আদিলের পিতা আনোয়ার আহমদ আঙ্গুর। এমন পরিস্থিতিতে চরম নিরাপত্তাহীণতায় ভোগছে তার পরিবার।
জানা যায়, দেশে থাকা অবস্থায় আল আমিন আহমদ আদিল বাংলাদেশ ছাত্রলীগ জালালপুর ইউনিয়নের অন্তর্গত ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন। যুক্তরাজ্য পাড়ি দেয়ার পর তিনি সেখানেও আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িয়ে পড়েন।
৫ আগস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময়ে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আদিল লেখালেখি করছেন। যেকারনে ছাত্রদল, যুবদল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তার উপর ক্ষেপে যান। তারা আদিলকে নানাভাবে হুমকি দিচ্ছেন। এমনকি গতকাল ১০ জানুয়ারী রাতে জালালপুর ইউনিয়ন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা আদিলের বাড়িতে হামলা ও ভাংচুর চালিয়েছেন বলে তার বাবা অভিযোগ করেছেন। এসময় আদিলের পরিবারের সদস্যদের হুমকি দিয়ে এসেছেন ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা। এতে তাদের জীবন চরম হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। এছাড়া আদিলের বাবা আরো অভিযোগ করেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তার ছেলের বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারী পরোয়ানা থাকায় পুলিশ প্রায়ই আদিলের খোঁজে তাদের বাড়িতে যায়। যেকারনে উভয় ক্ষেত্রে চরম বিপদ ও আতঙ্কে রয়েছে তাদের পরিবার।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে জালালপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আনহার আহমদ মারনুস বলেন, যতটুকু জানতে পেরেছি আদিল নামের এক ছাত্রলীগ নেতা বিদেশে বসে দেশের বর্তমান সরকারের বিরুদ্ধে এবং বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছেন। এ বিষয়টির হয়তো প্রতিবাদ জানিয়েছে আমাদের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন