ডেইলি সিলেট নিউজ ডেস্ক ::: সিলেট নগরীর জিন্দাবাজারে বিএনপির মিছিলে গুলিবর্ষণ ও হামলার ঘটনায় সাবেক সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ ৪৩ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
গত ২৪ অক্টোবর সিলেট মহানগরীর লামাবাজার এলাকার বাসিন্দা মো. আব্দুস ছালাম টিপু কোতোয়ালী মডেল থানায় এ অভিযোগ দায়ের করেন। ২০২৪ সালের ১৯ জুলাই শুক্রবার বাদ জুমা আনুমানিক দুপুর ২টা ১০ মিনিটে জিন্দাবাজারের মেইন রোডে ডায়াবেটিক হাসপাতালের ফটকের সামনে এ ঘটনা ঘটে। ওই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা হত্যার প্রতিবাদে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মিছিল বের করতে গেলে মধুবনের সামনে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়।
অভিযোগে বলা হয়, এ সময় সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্দেশে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র দিয়ে মিছিলকারীদের লক্ষ্য করে গুলি চালায়। একপর্যায়ে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের ছোড়া শর্টগানের গুলি বাদী আব্দুস ছালাম টিপুর বাম চোখে লাগে। এতে তার চোখ থেকে রক্তক্ষরণ শুরু হয় এবং তিনি দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় পড়েন। এ সময় তার সঙ্গে থাকা নেতাকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে সিলেট চক্ষু হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ভিশন আই হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক অস্ত্রোপচারের পর তাকে ভারতের চেন্নাইয়ের শংকর নেত্রালয়ে পাঠানো হয়। সেখানে ২১ আগস্ট ২০২৪ তারিখে তার চোখে অস্ত্রোপচার করা হয়।
অভিযোগে নাম উল্লেখ করা আসামিদের মধ্যে রয়েছেন—সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত সরকার, সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক, জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান লুকমান আহমেদ, সিলেট সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মোস্তাক আহমেদ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি পীযুষ কান্তি দে, মাহি উদ্দিন সেলিম, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ, নাসির উদ্দিন ওরফে জালি নাসির, মো. জাকির হোসেন, মো. তারেক আহমদ, সুনামগঞ্জের দিরাই উপজেলা ছাত্রলীগের সদস্য কাওসার হাসান, আব্দুল আহাদ সুমন, সেলিম উদ্দিন, নাজিম উদ্দিন, আব্দুল মুকিত সুমন, সিজিল মিয়া, ছাত্রলীগ কর্মী লুকমান ওরফে বন্দুক লোকমান ও হাসান, যুবলীগ কর্মী অস্তুর মিয়া, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম, রুহুল আমিন শিপলু, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ রহমান, সিলেট সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, ইমন ইবনে সাম্রাজ, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ ওরফে ইউনিক শামীম, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক রজত কান্তি গুপ্ত, আরমান আহমদ শিপলু, সাবেক কাউন্সিলর ও সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রুহেল আহমদ, মনসুর আহমদ চৌধুরী, সাইদ আহমদ চৌধুরী, বাবর মিয়া, ওয়াহিদুর রহমান, সুজন মিয়া এবং শাহপরান থানার মুরাদপুর মুফতিচর এলাকার আব্দুল আহাদ সুমন ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি তরিকুল ইসলাম তারেক।
এ বিষয়ে মিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মামলা রেকর্ড হয়েছে। মামলা নং-৩০। আসামীদের আটক করে আইনের আওতায় নিয়ে আসতে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে।