ফেসবুক পোস্টকে কেন্দ্র করে যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে হামলা ও ভাঙচুর: নবীগঞ্জে উত্তেজনা

ডেইলি সিলেট নিউজ
প্রকাশিত September 15, 2024
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে হামলা ও ভাঙচুর: নবীগঞ্জে উত্তেজনা

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে যুক্তরাজ্য প্রবাসী মির্জা ইসহাক কবীর বেগ (২৭) এর বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে যুক্তরাজ্যের ইংল্যান্ডে অবস্থানরত মির্জা ইসহাক কবীর বেগ তাঁর নিজ ফেসবুক প্রোফাইল “Mirza Ishak” থেকে একটি পোস্ট করেন। সেখানে তিনি বাংলাদেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের ওপর নির্যাতনের চিত্র ও মন্দির ও গীর্জা ভাঙচুরের ছবি ও বিবরণ প্রকাশ করেন। এই পোস্ট বিভিন্ন ইসলামিক সংগঠন, বিশেষ করে জামায়াতে ইসলাম, ইসলামী ছাত্রশিবির, ও হেফাজতে ইসলামের নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করে এবং তা ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

পোস্টটি ভাইরাল হওয়ার পরপরই এলাকায় উত্তেজনা দেখা দেয়। অভিযোগ রয়েছে, উক্ত পোস্টকে ‘ধর্মীয় উসকানিমূলক’ এবং ‘ইসলামের অনুভূতিতে আঘাতকারী’ আখ্যা দিয়ে কুর্শি গ্রামে বিক্ষুব্ধ জনতা ভিকটিমের বাড়িতে হামলা চালায় এবং ব্যাপক ভাঙচুর করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামি সংগঠনগুলোর নেতাকর্মীদের নেতৃত্বে গ্রামের সাধারণ মানুষও এ ঘটনার প্রতিবাদে সড়কে নামেন। ঘটনার সময় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা না থাকায় ক্ষতিগ্রস্ত হয় ভিকটিমের সম্পত্তি।

স্টাফ রিপোর্টারদের অনুসন্ধানে জানা যায়, এলাকাবাসীর অনেকে মির্জা ইসহাক কবীর বেগের পোস্টকে উদ্দেশ্যপ্রণোদিত ও ধর্মীয় সম্প্রীতিতে বিঘ্ন সৃষ্টির চেষ্টা হিসেবে উল্লেখ করেছেন। তার বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে একাধিক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট একাধিক সূত্র।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে, হামলায় একাধিক রাজনৈতিক ব্যাক্তিবর্গের সম্পৃক্ততা থাকায় নবীগঞ্জ থানা পুলিশের কোনো হস্তক্ষেপ পাওয়া যায় নি।

সংবাদটি শেয়ার করুন