ধর্ম অবমাননার দায়ে সিলেটে মামলা, আটক ১

ডেইলি সিলেট নিউজ
প্রকাশিত September 7, 2024
ধর্ম অবমাননার দায়ে সিলেটে মামলা, আটক ১

স্টাফ রিপোর্টার : ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে সিলেট সিটি করপোরেশনের আওতাধীন শাহপরাণ (রহ.) থানার ইসলামপুর এলাকার দুই ভাইয়ের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামিরা হলেন- ১. রনি চন্দ্র দেব ও ২. রাজন চন্দ্র দেব।
গত ৬ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে শাহপরাণ (রহ.) থানায় জি.আর ২৩০/২০২৪ নম্বর মামলাটি দায়ের করা হয়। পুলিশ ইতোমধ্যে প্রথম আসামি রনি চন্দ্র দেবকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। তবে দ্বিতীয় আসামি রাজন চন্দ্র দেব পলাতক রয়েছেন, তাকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রনি চন্দ্র দেব সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্ম সম্পর্কে আপত্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করে আসছিলেন। তার ভাই রাজন চন্দ্র দেবও ওই তথ্য সামাজিক মাধ্যমে শেয়ার করেন। বিষয়টি স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের নজরে এলে তারা তীব্র প্রতিবাদ জানান এবং এক পর্যায়ে উত্তেজিত জনতা রনি চন্দ্র দেবের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।
এ ঘটনায় এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা বিরাজ করছে। ক্ষুব্ধ জনতা রনি চন্দ্র দেবের পরিবারের সদস্যদের বাড়ি ঘেরাও করে রাখে বলে জানা গেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে এবং পলাতক ২ নং আসামিকে ধরতে অভিযান অব্যাহত রেখেছে।

সংবাদটি শেয়ার করুন