লন্ডন প্রবাসীর বাসায় পুলিশী তল্লাশী, লূটপাট – ভাংচুরের অভিযোগ

ডেইলি সিলেট নিউজ
প্রকাশিত August 28, 2024
লন্ডন প্রবাসীর বাসায় পুলিশী তল্লাশী, লূটপাট – ভাংচুরের অভিযোগ

বিয়ানীবাজার প্রতিনিধি :
বিয়ানীবাজার উপজেলার লন্ডন প্রবাসী ছাত্রলীগ নেতা অলিউর রহমানের বাড়ীতে পুলিশের তল্লাশির সময় পুলিশের উপস্থিতিতে লূটপাট – ভাংচুরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ শে আগস্ট) গভীর রাতে উপজেলার শালেশ্বর গ্রামে লন্ডন প্রবাসী ছাত্রলীগ নেতা অলিউরের বাসায় এ ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, রাত আনুমানিক ১টার দিকে পুলিশের একটি দল বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা প্রবাসী অলিউর রহমানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে লেখালেখি করার অভিযোগ রয়েছে উল্লেখ করে বাড়িতে তল্লাশি করে। এসময় পুলিশ সদস্যদের সাথে স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্রনেতা ও শিবির – ছাত্রদলের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন বলে তারা অভিযোগ করেন।

পরিবারের সদস্যরা আরো জানান, বাড়ির সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার, অলিউরকে হত্যার হুমকি এবং পরিবারের নারীদের সাথেও অশোভন আচরণ করা হয়। তারা জানান, পুলিশের উপস্থিতিতে এসব সন্ত্রাসীরা বাসার আসবাবপত্র ভাংচুর ও দামী জিনিসপত্র লূটপাট করে নিয়ে যায়।

প্রবাসী অলিউরের পিতা মো: মমিন উদ্দিন বলেন, “আমার ছেলে দীর্ঘদিন ধরে দেশের বাইরে বসবাস করে আসছে। আমরা নিরীহ পরিবার, আমাদের সঙ্গে এ ধরনের আচরণ সম্পূর্ণ অযৌক্তিক। পুলিশ বিনা কারণে গভীর রাতে কোনো বৈধ কারণ ছাড়াই আমাদের বাসায় এসে তল্লাশী করে, পুলিশের উপস্থিতিতে স্থানীয় সন্ত্রাসীরা ঘরের আসবাবপত্র ভেঙে ফেলেছে এবং লূটপাট চালিয়েছে।”

তিনি আরো জানান, অভিযানে পেশাদারিত্বের অভাব ও মানবাধিকার লঙ্ঘন হয়েছে, যা দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে জানতে চাইলে বিয়ানীবাজার থানার ওসি কাশেম উদ্দিন জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। তল্লাশির সময় কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন