দক্ষিণ সুরমায় ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, মা-বাবা ও ভাইকে হুমকির অভিযোগ

ডেইলি সিলেট নিউজ
প্রকাশিত August 18, 2024
দক্ষিণ সুরমায় ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, মা-বাবা ও ভাইকে হুমকির অভিযোগ

দক্ষিণ সুরমা প্রতিনিধি: আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেটের দক্ষিণ সুরমায় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদুল ইসলামের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় বাড়িতে থাকা তার মা-বাবা ও ভাইকে ভয়ভীতি দেখানোর পাশাপাশি জাহিদুল ইসলামকে দেশে ফিরলে গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুমকি দেওয়া হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। গত ১৭ আগস্ট ২০২৪ তারিখে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম পশ্চিমপাড়ায় জাহিদুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
জাহিদুল ইসলাম দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন। পরিবারের দাবি, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় ১৭ আগস্ট একদল লোক জাহিদুল ইসলামের বাড়িতে গিয়ে হামলা চালায়।
পরিবারের অভিযোগ, হামলাকারীরা বাড়িতে ঢুকে বিভিন্ন স্থানে ভাঙচুর চালায় এবং জাহিদুল ইসলামের মা-বাবা ও ভাইকে ভয়ভীতি দেখায়। এ সময় তারা জাহিদুল ইসলাম সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চায় এবং তার রাজনৈতিক পরিচয় নিয়ে নানা ধরনের হুমকি-ধমকি দেয়। জাহিদুল ইসলাম দেশে ফিরলে তাকে দেখে নেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়েছে বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেন।
ঘটনার পর থেকে জাহিদুল ইসলামের মা-বাবা ও ভাই আতঙ্কের মধ্যে রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। বিশেষ করে জাহিদুল ইসলাম দেশের বাইরে থাকায় তার পরিবারের সদস্যদের ওপর চাপ সৃষ্টি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন।
পরিবারের সদস্যদের ভাষ্য, জাহিদুল ইসলাম বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করলেও তার রাজনৈতিক পরিচয়ের কারণে দেশে থাকা পরিবারের সদস্যদের ওপর হামলা ও হুমকির ঘটনা ঘটেছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলায় জড়িতদের শনাক্তকরণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্টের পর দক্ষিণ সুরমার বিভিন্ন এলাকায় রাজনৈতিক বিরোধ ও পূর্বের রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। তবে জাহিদুল ইসলামের বাড়িতে হামলার ঘটনায় কারা জড়িত ছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে মোগলাবাজার থানার ওসির সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।

সংবাদটি শেয়ার করুন