হবিগঞ্জ প্রতিনিধি
গত ৫ আগস্ট সোমবার হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের সামনে সংঘটিত শিক্ষার্থী পলাশ উদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে নিহতের পিতা জমির উদ্দিন (৫৩) বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার বাদী জমির উদ্দিন হবিগঞ্জ জেলার লাখাই থানার শিবপুর গ্রামের বাসিন্দা। তিনি নিহত পলাশ উদ্দিনের পিতা। গত ৫ অগাস্ট পলাশ উদ্দিন গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, বাদীর পুত্র পলাশ (২১) স্থানীয় বৃন্দাবন কলেজের ছাত্র ছিলেন। আসামীগণ আওয়ামীলীগের চিহ্নিত খুনি, অস্ত্রধারী সন্ত্রাসী, দাঙ্গা-হাঙ্গামাকারী ও আইনের প্রতি অশ্রদ্ধাশীল শ্রেনীর লোক। বিগত ৫ আগস্ট এজহারে উল্লেখিত ঘটনার দিন তারিখ ও সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে দেশব্যাপী শাটডাউন কমূসূচীর সময় বর্ণিত ঘটনাস্থলে বাদীর পুত্র পলাশসহ আশপাশের স্কুল কলেজের অধিকাংশ ছাত্র-ছাত্রী আন্দোলনের দাবী আদায়ের জন্য উপস্থিত ছিল। বর্ণিত ঘটনাস্থলে সাধারন জনগন ছাত্র-ছাত্রীদের সাথে তাহাদের দাবীর পক্ষে একাত্নতা ঘোষণা করে এবং অনেক জনসমাগম ঘটে। ঘটনার সময়ে হঠাৎ সন্ত্রাসী আসামীগণ হাতে আগ্নেয়াস্ত্র, ককটেল, চাইনিজ কুড়াল, রামদা, দা, ছেনী, জি.আই পাইপ নিয়া উপস্থিত হয় এবং এলোপাতাড়ী গুলি ছুড়িতে থাকে। এক পর্যায়ে আসামীদের ছোড়া একটি গুলি আমার পুত্র পলাশ এর বুকের বামপাশে বিদ্ধ হয় এবং সে তৎক্ষনাৎ রাস্তার উপর লুটাইয়া পড়ে। উক্ত সময়ে আসামীগণ বর্ণিত ঘটনাস্থলে কয়েকটি ককটেল ফাটাইয়া জনমনে ভয় ও আতঙ্কের সৃষ্টি করে। পরবর্তীতে সঙ্গীয় সহপাঠী ও আন্দোলনে থাকা লোকজন বাদীর পুত্র পলাশকে অজ্ঞাতনামা সিএনজি যোগে হবিগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাহাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় হবিগঞ্জ মডেল থানায় ১২ জনকে এজহার নামীয় আসামী করে এবং আরও ২০/২৫ জনকে অজ্ঞাতনামা রেখে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এজহার নামীয় আসামীরা হলেন- হোসেন আহমেদ (২৪), অন্তর (২১), মোঃ হিমুল চৌধুরী (৩৩), শহিদুল্লাহ (২৯), রায়হান (২৭), আরমান হোসেন (২১), মারুফ হোসেন (২৬), জনি (২৮), সামছুল আলম (২৩), সহিদুল্লাহ (৩২), মো: ফিরোজ আলম (৩৫), জবেদ হোসেন (২৪)
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম জানান, পলাশ উদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল বৃহস্পতিবার তার পিতা জমির উদ্দিন বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি করেন। মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করার বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেছেন ওসি।