সিলেট ছাত্রলীগ নেতার বাসায় পুলিশের তল্লাশির অভিযোগ, লুটপাট ও প্রাণনাশের হুমকির দাবি

ডেইলি সিলেট নিউজ
প্রকাশিত August 13, 2024
সিলেট ছাত্রলীগ নেতার বাসায় পুলিশের তল্লাশির অভিযোগ, লুটপাট ও প্রাণনাশের হুমকির দাবি

ডেইলি সিলেট নিউজ ডেস্ক ::: সিলেট মহানগর ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক ফুয়াদ হাসান সাবিতের বাসায় সাদা পোশাকধারী পুলিশের তল্লাশির অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ ও ছাত্রদল-শিবির এবং বৈষম্যবিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে লুটপাট, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন সাবিতের পরিবার। ঘটনাটি ঘিরে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

আজ সকালে ফুয়াদ হাসান সাবিতের বাবা, আওয়ামী লীগ নেতা আব্দুশ শহীদ তার ব্যক্তিগত মোবাইল ফোন থেকে এ প্রতিবেদককে জানান, ভোররাতে সাদা পোশাকধারী পুলিশের একটি দল তাদের বাসায় অভিযান চালায়। এসময় পুলিশ সদস্যদের সঙ্গে ছাত্রদল, শিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতাকর্মীকেও দেখা যায় বলে দাবি করেন তিনি।

তিনি অভিযোগ করে বলেন, “আমার ছেলে ফুয়াদ হাসান সাবিত এবং আমাকে খুঁজতে পুলিশ বাসায় আসে। পরিবারের সদস্যরা তখন কেউই বাসায় অবস্থান করছিলেন না। তবে প্রতিবেশী এক কেয়ারটেকার বাসায় থাকতেন বলে জানান তিনি। ঐ কেয়ারটেকার যখন জানতে চান কেন রাজনৈতিক দলের নেতাকর্মীরা পুলিশের সঙ্গে এসেছে, তখন তারা উত্তেজিত আচরণ শুরু করে এবং ঐ ব্যাক্তিকে মারধর করে বলে জানান তিনি। সাবিতের বাবা আরো জানান, পুলিশ ও উপস্থিত দলীয় নেতাকর্মীরা অভিযোগ তোলে যে, ৫ আগস্টের পূর্ববর্তী সময়ে আমরা শেখ হাসিনার নির্দেশে খুন, হত্যা ও মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলাম।”

তিনি আরও জানান, তল্লাশির সময় বাসা থেকে একটি ল্যাপটপ এবং গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিগত কাগজপত্র নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনাকে তিনি পরিকল্পিত হয়রানি হিসেবে উল্লেখ করেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দাবি করেন, ৫ আগস্টের পর থেকেই ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীরা তাদের পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। জীবনের নিরাপত্তার কারণে বর্তমানে তিনি ও তার ছেলে আত্মগোপনে রয়েছেন বলেও জানান।

তার ভাষ্য, “যেকোনো সময় আমাদের বিরুদ্ধে মব তৈরি করে হামলা চালানো হতে পারে। আমাদের মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিও দেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, “আমি কিংবা আমার ছেলে কখনো কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত ছিলাম না। পূর্ব শত্রুতার জের ধরে ছাত্রদল নেতা এনামুল কবীর চৌধুরী সুহেল, ইমরান আহমদ এবং শিবির নেতা মামুন আহমদ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিগত দিনে আমি আওয়ামী লীগ ও আমার ছেলে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত থাকার কারণে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারাও আমাদের হয়রানি করছে।”

অন্যদিকে এ বিষয়ে সিলেট শাহপরাণ থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম আহমদ বলেন, আওয়ামী লীগ নেতা আব্দুশ শহীদ ৫ আগস্টের কয়েকটি মামলার অজ্ঞাতনামা আসামি। তার ছেলে ফুয়াদ হাসান সাবিতও ৫ আগস্ট পূর্ববর্তী সময়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্দেশে ছাত্রলীগের হয়ে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তাদের আইনের আওতায় আনতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানান তিনি।

পুলিশের সঙ্গে ছাত্রদল-শিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপস্থিতির বিষয়ে জানতে চাইলে ওসি সেলিম আহমদ বলেন, “পুলিশকে বাসা চিনিয়ে দিতে স্থানীয় ২/৩ জন যুবকের সহযোগিতা নেওয়া হয়েছিল। তারা কোনো রাজনৈতিক দলের কর্মী কিনা, সেটি আমার জানা নেই।”

এরপর তিনি ব্যস্ততার কথা বলে ফোন কলটি সংক্ষিপ্ত করেন।

এদিকে ফুয়াদ হাসান সাবিতের বাসায় তল্লাশি ও ছাত্রদল-শিবির নেতাকর্মীদের উপস্থিতির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ। মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ এবং সাধারণ সম্পাদক নাঈম আহমদ স্বাক্ষরিত এক লিখিত বিবৃতিতে এ ঘটনাকে “গণতন্ত্রের পরিপন্থী” বলে উল্লেখ করা হয়।

বিবৃতিতে বলা হয়, দেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এবং ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিচারবহির্ভূত কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এক ভিডিও বার্তায় ছাত্রলীগ নেতারা দাবি করেন, “মব সৃষ্টি করে ছাত্রলীগের নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে। দেশে আইনের সুষ্ঠু প্রয়োগ নেই।”

তারা ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীর নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযোগকৃত ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার দাবি করেন।

সংবাদটি শেয়ার করুন