নিজস্ব প্রতিনিধি: গতকাল মোগলাবাজার থানাধীন সিলাম ঢালিপাড়া গ্রামের সিলাম ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবুল কালামের বাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও স্থানীয় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা হামলা ভাংচুর এবং অগ্নিসংযোগ করে। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল দুপুর অনুমান ২ টার সময় একই গ্রামের প্রভাবশালী নেতা সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ তাজুল ইসলাম ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক রাসেল আহমদ ও স্থানীয় জামায়াত নেতা মোজাম্মিল হোসেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আলিম উদ্দিন, ইসহাক আহমদ, জসিম উদ্দিন, আরাফাতসহ আরো ১০/১৫ জন লোক সিলাম ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবুল কালাম এবং দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু তালেব মুর্শেদের বাড়ীতে প্রবেশ করে তাদেরকে দেশদ্রোহী এবং ফ্যাসিস্ট সরকারের দোসর বলে অভিহিত করে গালিগালাজ করে ও খোঁজতে থাকে। এ সময় পরিবারের লোকজন বাধা দিলে হামলাকারীরা তাদেরকে মারধর করে এবং ঘরের দরজা-জানালাসহ আসবাবপত্র ভাংচুর ও লুটপাট করে বাড়ীতে অগ্নিসংযোগ করে এবং যাওয়ার সময় তারা আবুল কালাম ও তার ছেলে আবু তালেব মুর্শেদকে তাদের কাছে তুলে না দিলে পরবর্তীতে পরিবারের সকলকে প্রাণে হত্যা করবে বলে হুমকি প্রদান করে। আবুল কালামের বাড়ির লোকজনের সাথে আলাপকালে তারা দাবী করেন, আবুল কালাম বিএনপি, জামায়াতে ইসলামী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে জনমত গঠন করেন ও তার ছেলে আবু তালেব মুর্শেদ প্রবাস থেকে তাকে আর্থিক সহযোগিতা করেন, যে কারণে হামলাকারীরা তাদেরকে প্রাণে হত্যা করার জন্য বেশ কিছুদিন যাবত তৎপর রয়েছে। কিন্তু তাদেরকে না পাওয়ায় সন্ত্রাসীরা বাড়ীতে এসে হামলা করে এবং অগ্নিসংযোগ করে। থানায় পুলিশের কার্যক্রম বন্ধ থাকায় তারা এ ঘটনার ব্যাপারে আইনি সহায়তা পান নাই।
পরিবারের লোকজন এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কালাম ও তার ছেলে আবু তালেব মুর্শেদ বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত থাকার কারণেই বিএনপি, জামায়াতে ইসলামী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা তাহার বাড়ীতে হামলা ও অগ্নিসংযোগ করে। এ ব্যাপারে স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সাথে যোগাযোগ করার জন্য বারংবার চেষ্টা করেও আমাদের প্রতিনিধি ব্যর্থ হন। থানায় পুলিশের কার্যক্রম না থাকায় তারা লিখিত অভিযোগ দিতে পারছেন না বলে আবুল কালামের পরিবারের লোকজন দাবি করেন।