কুলাউড়ায় ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাংচুর : ব্যাপক ক্ষয়ক্ষতি, আহত ২

ডেইলি সিলেট নিউজ
প্রকাশিত July 23, 2024
কুলাউড়ায় ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাংচুর : ব্যাপক ক্ষয়ক্ষতি, আহত ২

কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় এক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে রবিবার (২১ জুলাই) এ হামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা।
ক্ষতিগ্রস্ত ছাত্রদল নেতার নাম বুরহান উদ্দিন(২৫)। তিনি উপজেলার কুলাউড়া সদর ইউনিয়নের প্রাতাবী গ্রামের মো: রজব আলীর ছেলে ও কুলাউড়া সরকারী কলেজ ছাত্রদল নেতা। তিনি বর্তমানে প্রবাসে রয়েছেন।
এদিকে, বুরহানের অবর্তমানেও তার বাড়িতে এমন ন্যাক্কারজনক হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে উপজেলা বিএনপি। উপজেলা বিএনপি আহ্ববায়ক রেদওয়ান খান ও কুলাউড়া উপজেলা ছাত্রদলের আহব্বায়ক টিপু সুলতান বলছেন, বুরহানকে না পেয়ে তার পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে। তার বাড়ি ঘরে এমনভাবে ভাংচুর করা হয়েছে যে দেখলে মনে হবে কেউ ভুল্ডোজার দিয়ে ভেঙেছে। তাছাড়া, পরিবারের নিরিহ সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থসহ মূল্যবান সব জিনিসপত্র লুট করে নিয়েছে। এ অবস্থায় বুরহানের পরিবার সম্পূর্ণ নিরাপত্তাহীনতায় ভুগছে।
উপজেলা নেতৃবৃন্দ বলছেন, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বুরহানের পরিবার ও স্থানীয়দের সাথে কথা বলেছেন। স্থানীয়রা তাদের জানিয়েছেন, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা ও মাদক বিরুধি এবং চোরাচালান নিয়ে সরব ভূমিকা পালন করার জন্য প্রতিহিংসার বশিভূত হয়ে একই গ্রামের আজাদ মেম্বার এর ছেলে ছাত্রলীগ নেতা জীবনের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটেছে। এসময় তার সাথে ছিলেন কুলাউড়া সদর ইউনিয়ন ছাত্রলীগ নেতা ও লষ্করপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে রিমন আহমদ(২৬), ইউনিয়ন ছাত্রলীগ নেতা ও প্রাতাবী গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে এনাম আহমদ(২৮), ইউনিয়ন ছাত্রলীগ নেতা ও হাসিমপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে আবিদ হোসেন(২২)সহ অজ্ঞাতনামা ২০-২৫ জন সশস্ত্র সন্ত্রাসী। তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে ব্যাপক লুটপাট চালিয়েছে। এরপর বড় হাতুড়ি দিয়ে আধাপাকা টিনশেড ঘরটি ভেঙে দিয়েছে। উঠানের অন্যপাশে থাকা টিনের ঘরটিও গুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। এসময় প্রতিবাদ করতে গিয়ে তাদের হাতে গুরুতর আহত হয়েছেন বুরহানের মা ও বাবা । তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে মামলার প্রস্তুতি নিচ্ছে বুরহানের পরিবার।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ, পিপিএম। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুরহানের মা সুবিদা বেগম ও তার বাবা মো. রজব আলী গুরুতর আহত হয়েছেন। তারা হাসপাতালে ভর্তি রয়েছেন। এখনো মামলা হয়নি। মামলা হলেই আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন