প্রবাসী ছাত্রদল নেত্রীকে ধরতে স্বামীর বাড়িতে পুলিশের অভিযান

ডেইলি সিলেট নিউজ
প্রকাশিত May 7, 2024
প্রবাসী ছাত্রদল নেত্রীকে ধরতে স্বামীর বাড়িতে পুলিশের অভিযান

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : ফেঞ্চুগঞ্জে প্রবাসী ছাত্রদল নেত্রী সুমাইয়া আক্তারকে আটক করতে বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। গতকাল ফেঞ্চুগঞ্জের নিজামপুর গ্রামে সুমাইয়ার স্বামী সাইফুর রহমানের বাড়িতে এ অভিযান চালায় ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ। তবে পুলিশ সুমাইয়াকে আটক করতে পারেনি।  স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা ৭টার দিকে ফেঞ্চুগঞ্জ থানার এসআই তোফাজ্জল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ নিজামপুর গ্রামে সুমাইয়ার স্বামী সাইফুর রহমানের বাড়িতে অভিযান চালায়। প্রায় আধা ঘন্টা যাবত পুলিশ বাড়ি জুড়ে তল্লাশি চালায়। সুমাইয়া আক্তারকে না পেয়ে তার অবস্থান জানতে প্রতিবেশিদের জিজ্ঞাসাবাদ করে।  সাইফুর রহমানের পিতা সেবুল আহমদ জানান, তার পুত্রবধু সুমাইয়া আক্তার দেশে থাকতে ছাত্রদলের রাজনীতি করতেন।  ২০২৩ সালের সেপ্টেম্বরে তিনি অধ্যয়নের জন্য যুক্তরাজ্যে চলে যান। ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত থাকায় স্থানীয় আওয়ামীলীগের প্ররোচনায় তাকে মামলার আসামী করা হয়েছে। তিনি অভিযোগ করেন, গতকাল সন্ধ্যায় পুলিশ বাড়িতে ঢুকে তার পুত্রবধু সুমাইয়া আক্তারকে খুঁজতে থাকে। তিনি বাড়িতে নেই জানালে পুলিশ বাড়ির প্রতিটি কক্ষে তল্লাশির নামে তছনছ করে। তিনি বাধা দিলে তাকে ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দেয়। পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। পুলিশ তাকে জানায়, সুমাইয়া আক্তারের বিরুদ্ধে মামলা রয়েছে। তিনি আদালতের ওয়ারেন্টভূক্ত আসামী। দীর্ঘদিন ধরে তিনি পলাতক রয়েছেন। পুলিশ ধামকি দিয়ে যায়, সুমাইয়া আক্তারকে তাদের হাতে তুলে না দিলে পরিবারের সদস্যদের আটক করে থানায় নিয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।  তবে এসব অভিযোগ অস্বীকার করে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল পুলিশ এ অভিযান চালায়। সুমাইয়া আক্তার আদালতের ওয়ারেন্টভূক্ত আসামী। তিনি দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন। তাকে আটক করার জন্য উচ্চ মহলের চাপ রয়েছে। অভিযানকালে তাকে পাওয়া যায়নি। তবে তাকে আটক করার জন্য সম্ভাব্য স্থানসমূহে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন