স্টাফ রিপোর্ট::
ফার্মেসির আড়ালে ফেন্সিডিল ও ইয়াবা ব্যবসার অভিযোগে দি গঙ্গা ফার্মেসির স্বত্বাধিকারী সমীরণ দাসকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত। সমীরণ দাস হলেন দক্ষিণ সুনামগঞ্জের নগর, গনিগঞ্জ বাজারের ঈশ্বর চন্দ্র দাসের ছেলে। তিনি বর্তমানে জালালাবাদ খরের পাড়ায় বসবাস করছেন এবং জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের সম্মুখে দি গঙ্গা ফার্মেসির স্বত্বাধিকারী ।
আদালত সূত্র জানায়, ২০২৩ সনের ১৭ ডিসেম্বর রাত আনুমানিক ৮ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে ফেন্সিডিল ও ইয়াব ব্যবসার খবর পেয়ে নগরীর জালালাবাদ রাগীব রাবেয়া হাসপাতালের সম্মুখে দি গঙ্গা ফার্মেসিতে অভিযান চালায় সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানা পুলিশ। অভিযানের সময় ওই ফার্মেসির মালিক সমীরণ দাস তার ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন না। তখন দি গঙ্গা ফার্মেসিতে তল্লাশি করে ফার্মেসির ভেতরে ক্যাশ বাক্সের নিচে কালো পলিথিন ব্যাগে মোড়ানো বিক্রয় নিষিদ্ধ ২ হাজার ৯৪০ পিস গোলাপি রং এর ইয়াবা ট্যাবলেট ও ফার্মেসির পেছনে প্লাস্টিকের বস্তা দিয়ে মোড়ানো তিন বস্তায় থাকা ৫৪২ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। তখন উপস্থিত সাক্ষীগণের সম্মুখে সাক্ষীদের সাক্ষর পূর্বক জব্দ তালিকা তৈরি করে মালামাল জব্দ করা হয়। এ সময় ফার্মেসিতে থাকা ম্যানেজার রনি পালকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে এসএমপি’র জালালাবাদ থানার এসআই আকবর হোসেন মুন্না বাদী হয়ে দি গঙ্গা ফার্মেসির স্বত্বাধিকারী সমীরণ দাস ও তার ম্যানেজার রনি পালকে আসামি করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে জালালাবাদ থানার ( মামলা নং ১৮, তারিখ: ১৭/১২/২৩ ইং) দাখিল করেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে ।ওই মামলা জামিন নেওয়ার জন্য গতকাল সিলেটের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন আদালতের বিচারক আব্দুল মোমেনের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ পূর্বক জামিনের প্রার্থনা করেন সমীরণ দাস। আদালতে শুণানী শেষে মামলাটির ধারা জামিন অযোগ্য হওয়ায় জামিন আবেদন না-মঞ্জুর করে সমীরণ দাসকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
সমীরণ দাসের আইনজীবী গিয়াস উদ্দিন বলেন, মামলাটি একটি সাজানো ও মিথ্যা মামলা। সমীরণ দাস একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। এছাড়া তিনি ও তার পরিবারের লোকজন নানাভাবে হামলা-মামলা ও হয়রানির শিকার। আদালত চাইলে সমীরণ দাসের সার্বিক দিক বিবেচনা করে মানবিক কারণে জামিন দিতে পারতেন।
রাষ্ট্রপক্ষে থাকা অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট হাসান পাটোওয়ারি রিপন জানান, মামলাটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের। এছাড়া ওই ফার্মেসি থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। বিধায় আদালত আসামির জামিন আবেদন না-মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।