মন্দির উদ্বোধনে হামলা : সুনামগঞ্জে বাঁধনপাড়া সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদককে হত্যার চেষ্টা, প্রতিবাদে হিন্দু সংগঠনের মানববন্ধন

ডেইলি সিলেট নিউজ
প্রকাশিত September 10, 2023
মন্দির উদ্বোধনে হামলা : সুনামগঞ্জে বাঁধনপাড়া সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদককে হত্যার চেষ্টা, প্রতিবাদে হিন্দু সংগঠনের মানববন্ধন

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জে বাঁধনপাড়া সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির উদ্বোধনের পর মন্দিরের সাধারণ সম্পাদক অঞ্জন কুমার ধরের ওপর উগ্রপন্থীদের হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলার অভিযোগ পাওয়া গেছে। ৬ সেপ্টেম্বর, ২০২৩ বুধবার দুপুর ১টা ৩০ মিনিটে সুনামগঞ্জের বাঁধনপাড়া সার্বজনীন দুর্গামন্দিরের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি দীপক ঘোষ, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী; পূজা উদযাপন পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়, সাধারণ সম্পাদক বিমল বনিক, সুনামগঞ্জ সংস্কৃত কলেজের অধ্যক্ষ গৌরাঙ্গ চক্রবর্তী এবং বাঁধনপাড়ার স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঐদিন বিকাল ৫টা ৩০ মিনিটের দিকে উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথে মন্দিরের সাধারণ সম্পাদক অঞ্জন কুমার ধর হেফাজতে ইসলামের উগ্রপন্থী মুফতি আবদুল হক আহমদী, ইলিয়াস আলী, মাওলানা আব্দুল বাসির, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা তাহের আলী, এবং মাওলানা আবুল কালাম সহ ৯-১০ জন সশ্রস্ত্র উগ্রপন্থীদের হাতে অতর্কিত হামলায় গুরুতর আহত হন। একই হামলায় দুর্গামন্দির কার্যকরী কমিটির সদস্য বিভাস চন্দ্র দেবও গুরুতর আহত হয়েছেন। পরবর্তীতে লোকজন জড়ো হওয়ায় হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায় যে, ঘটনাস্থল থেকে যাওয়ার সময় হেফাজতে ইসলামের উগ্রপন্থী মুফতি আব্দুল হক আহমদী মন্দিরের সাধারণ সম্পাদক অঞ্জন কুমার ধরকে হত্যার এবং বাড়ীতে আগুন ধরিয়ে পরিবারের সবাইকে হত্যার হুমকি দিয়ে যায়।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখা ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বাঁধনপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের কার্যকরী কমিটি। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ গতকাল বিকাল ৪টায় শহরের আলফাত স্কয়ারে এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। বাঁধনপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক ও হিন্দু সংগঠনের নেতা অঞ্জন কুমার ধরের ওপর হামলার প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করে। বক্তারা দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পাশাপাশি প্রধানমন্ত্রী বরাবরও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, সুনামগঞ্জ জেলার শাখার অন্যতম সদস্য বিজন কান্তি দেবের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমল বণিক, গোপেশ তালুকদার, বিজিত সেন, পরিমল তালুকদার, তন্ময় সেন, ডায়মন দেব, মতিলাল চন্দ, মিহির রঞ্জন তালুকদার, সজল মৈত্র, বিজয় দাস, মলি রায়, বিজিত মৈত্র, রুপালী সোম, পঙ্কজ চক্রবর্তী, সেবরাজ মন্ডল, প্রসেনজিৎ দে, আরতি রায়, কাজল দেব ও বিধান দেব প্রমুখ নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন